রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
৮ দিন পর পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
হোম » খুলনা » ৮ দিন পর পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারত যৌথ মালিকানাধীন ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র) ৮ দিন বন্ধ থাকার পর পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট চালু হওয়ার মধ্য দিয়ে দুটি ইউনিটই সচল হয়েছে।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ থাকা দ্বিতীয় ইউনিটটি রক্ষণাবেক্ষণ শেষে রবিবার দুপুর ১২টায় চালু করা হয়েছে। চালুর পর প্রাথমিকভাবে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হলেও পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হবে। কেন্দ্রটিতে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত কয়লা মজুদ রয়েছে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর রবিবার দুপুর সাড়ে ১১টায় যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে ৮ দিন ধরে একটি ইউনিট দিয়ে কেন্দ্রটি সচল রাখা হয়েছিল। এতে কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদন প্রায় অর্ধেকে নেমে আসে।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, ২০১০ সালে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রকল্পটি গ্রহণের পর ২০১২ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ভারতের এনটিপিসির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। পরে গঠিত হয় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড।
বাগেরহাটের রামপাল উপজেলার সাপমারী-কৈগর্দ্দাশকাঠি মৌজায় ১ হাজার ৩৪ একর জমিতে প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার এই কেন্দ্র নির্মাণ করা হয়।
দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২২ সালের ২৩ ডিসেম্বর প্রথম ইউনিট এবং ২০২৩ সালের ২৪ অক্টোবর দ্বিতীয় ইউনিট উৎপাদনে যায়। দুটি ইউনিট সচল থাকলে কেন্দ্রটি সর্বোচ্চ ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে সক্ষম।
বাংলাদেশ সময়: ১৭:৪৬:৫৮ ● ২২ বার পঠিত
