শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬

মৃত্যুর ১৭ দিন পর দেশে ফিরল শার্শার প্রবাসী যুবকের মরদেহ

হোম » খুলনা » মৃত্যুর ১৭ দিন পর দেশে ফিরল শার্শার প্রবাসী যুবকের মরদেহ
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬


 

মৃত্যুর ১৭ দিন পর দেশে ফিরল শার্শার প্রবাসী যুবকের মরদেহ

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

 

যশোরের শার্শায় মালয়েশিয়া প্রবাসী উজ্জ্বল হোসেনের মরদেহ মৃত্যুর ১৭ দিন পর দেশে ফিরেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটে তাঁর কফিনবন্দি মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করেন।

 

শুক্রবার সকাল ৮টার দিকে কফিনে করে মরদেহ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নিজ বাড়িতে নেওয়া হয়। উজ্জ্বল হোসেন ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে।

 

পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অভাব-অনটন দূর করে স্বজনদের মুখে হাসি ফোটানোর আশায় ২০১৫ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান উজ্জ্বল। দীর্ঘ আট বছর প্রবাসজীবন কাটিয়ে ২০২৩ সালে দেশে ফেরেন তিনি। দেশে ফিরে বিয়ে করেন। নতুন সংসারের স্বপ্ন নিয়ে আবারও মালয়েশিয়ায় ফিরে যান বিয়ের তিন মাস পর।

 

পরিবারের সদস্যরা জানান, স্ত্রীকে কথা দিয়েছিলেন ফিরে এসে সংসার সাজাবেন এবং তাঁদের স্বপ্ন পূরণ করবেন। তবে সেই স্বপ্ন আর পূরণ হয়নি।

 

মালয়েশিয়ায় ফিরে যাওয়ার প্রায় তিন বছর পর গত ১ সেপ্টেম্বর হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে মারা যান উজ্জ্বল। গুরুতর অসুস্থ অবস্থায় সহকর্মীরা তাঁকে মালয়েশিয়ার সুলতানা আমিনা হাসপাতালে ভর্তি করেন। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।

 

স্বজনেরা জানান, মৃত্যুর পর মরদেহ দেশে ফিরিয়ে আনতে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে। দূতাবাসের সহায়তায় তাঁরা মরদেহ দেশে আনতে সক্ষম হন।

 

শুক্রবার সকাল ১১টায় স্থানীয় ঈদগাহ মাঠে উজ্জ্বলের জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্বজন, প্রতিবেশীসহ স্থানীয় লোকজন অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

 

উজ্জ্বলের মৃত্যুতে রঘুনাথপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ০:০৩:৫০ ● ১৮ বার পঠিত