রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬
বেতাগীতে সেতু নির্মাণ হলেও সুপারি গাছ দিয়ে পারাপার এলাকাবাসীর
হোম » বরগুনা » বেতাগীতে সেতু নির্মাণ হলেও সুপারি গাছ দিয়ে পারাপার এলাকাবাসীর
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)
বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের শেরেবাংলা এলাকায় সরকারি অর্থে সেতু নির্মাণ করা হলেও এখনো তৈরি হয়নি সংযোগ সড়ক ও সুরক্ষা দেয়াল। ফলে সেতুতে ওঠানামার জন্য সুপারি গাছ ও বাঁশ ব্যবহার করে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক, মুসল্লি, কৃষক, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে ৩২ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের মেয়াদ জুনে শেষ হলেও সংযোগ সড়ক, সুরক্ষা দেয়ালসহ আনুষঙ্গিক কাজ এখনো শেষ হয়নি। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের গাফিলতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি।
সরেজমিনে দেখা যায়, সেতুটির এক প্রান্ত জলমগ্ন। বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় সেগুলো জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়েছে। সংযোগ সড়ক না থাকায় সেতুতে ওঠার জন্য বাঁশ ধরে এবং সুপারি গাছের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সেতুটির পশ্চিম পাশে বেতাগী-বরগুনা আঞ্চলিক সড়ক এবং পূর্ব পাশে উত্তর করুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেতুলিয়াবাজার, একটি মাদ্রাসা ও কয়েকটি মসজিদ রয়েছে। ফলে প্রতিদিন দুই গ্রামের শত শত মানুষকে এই সেতু ব্যবহার করতে হয়।
স্থানীয় বাসিন্দা মো. শানু মাস্টার বলেন, ‘সেতুটি হলেও এখন পর্যন্ত সংযোগ সড়ক হয়নি। আমরা সেতুর সঙ্গে বাঁশ ও সুপারি গাছ লাগিয়ে পারাপার হচ্ছি। কিন্তু এটা ছোট শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই স্থানীয় প্রশাসনের কাছে সেতুটির পুরোপুরি শেষ করার জোর দাবি জানাচ্ছি।’
ওই গ্রামের জামে মসজিদের ইমাম মাওলানা শাহ জালাল বলেন, ‘মসজিদে ইমামতি করতে যেতে প্রতিবার ঝুঁকি নিয়ে সেতু পার হতে হয়। বিষয়টি খুবই অমানবিক।’
আরেক বাসিন্দা আব্দুর রব বলেন, ‘সেতুটি নিয়ে আমরা অনেক হতাশায় আছি। আমাদের একটাই দাবি, সেতুটিতে ওঠানামার পরিপূর্ণ সংযোগ সড়ক চাই।’
স্থানীয়দের অভিযোগ, সেতুর কাজের অগ্রগতি ও অসম্পূর্ণ কাজের বিষয়ে একাধিকবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) সঙ্গে যোগাযোগ করা হলেও আশ্বাস ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। দ্রুত সংযোগ সড়ক ও সুরক্ষা দেয়াল নির্মাণের পাশাপাশি নির্মাণকাজে কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বেতাগী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জহিরুল ইসলাম বলেন, ‘ঠিকাদারের সঙ্গে বারবার যোগাযোগ করা হচ্ছে। কাজের নির্ধারিত সময় শেষ হলেও বর্ষার কারণে কাজ করাতে পারছেন না। যত দ্রুত সম্ভব আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে সংযোগ সড়কের কাজ সম্পন্ন করা হবে।’
ঠিকাদার মো. প্রিন্স বলেন, ‘কাজে কোনো ধরনের গাফিলতি করা হয়নি। বর্ষার কারণে কাজ করাতে পারছি না। বর্ষা শেষ হলেই আশা করি সংযোগ সড়ক, সুরক্ষা দেয়ালসহ সব কাজ শেষ করতে পারব।’
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন বলেন, ‘কাজে অনিয়মের কারণে বিল বন্ধ রাখা হয়েছে। যেসব জায়গায় ফাটল ধরেছে, তা নতুনভাবে কাজ করে দেওয়ার জন্য ঠিকাদারকে সংযোগ সড়কসহ কাজ শেষ করতে তাগাদা দেওয়া হয়েছে। ঠিকমতো কাজ শেষ না হলে বিল দেওয়া হবে না।’
বাংলাদেশ সময়: ১৯:৫৬:১৬ ● ১৮ বার পঠিত
