রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬

দুমকিতে কলেজ ক্যাম্পাসে মেশিনগানের কার্তুজ উদ্ধার

হোম » পটুয়াখালী » দুমকিতে কলেজ ক্যাম্পাসে মেশিনগানের কার্তুজ উদ্ধার
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬


 

দুমকিতে কলেজ ক্যাম্পাসে মেশিনগানের কার্তুজ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকি উপজেলার সরকারি জনতা কলেজ ক্যাম্পাস থেকে মেশিনগানের একটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। শনিবার কলেজ মাঠে ফুটবল খেলার সময় গাছের নিচে ইটের ফাঁকে কার্তুজটি পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সরকারি জনতা কলেজ মাঠে ফুটবল খেলার সময় বল আনতে গিয়ে গাছের নিচে ইটের ফাঁকে কার্তুজটি দেখতে পায় নবম শ্রেণির শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিদান। খেলার সামগ্রী মনে করে সে কার্তুজটি বাড়িতে নিয়ে যায়।

 

রবিবার কার্তুজটি বন্ধুদের দেখাতে স্কুলে নিয়ে গেলে এক বড় ভাই সেটি দেখে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। পরে দুমকি থানা পুলিশ গিয়ে কার্তুজটি উদ্ধার করে।

 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কার্তুজটি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে মেশিনগানের অবিস্ফোরিত কার্তুজ বলে ধারণা করা হচ্ছে। এটি কীভাবে এখানে এলো, সে বিষয়ে তদন্ত চলছে।’

বাংলাদেশ সময়: ১৮:০৬:০২ ● ২২ বার পঠিত