রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬
কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতি, দলিল লেখকের সহকারী আটক
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতি, দলিল লেখকের সহকারী আটক
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর স্বাক্ষর জাল করে মিউটেশন সংক্রান্ত জালিয়াতির অভিযোগে কেএম প্রিন্স (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক শাম্মী আক্তারের মৌখিক অভিযোগের ভিত্তিতে উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। প্রিন্স পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে শাম্মী আক্তার কুয়াকাটার খাজুরা এলাকায় ৫৬ নম্বর জেএল খাজুরা মৌজার সাতটি দলিলের মিউটেশন সম্পন্নের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রিন্সের কাছে জমা দেন। পরে দুটি দলিলের মিউটেশন সম্পন্ন হয়েছে দাবি করে তিনি সংশ্লিষ্ট কাগজপত্র শাম্মী আক্তারের কাছে দেন।
শাম্মী আক্তার জানান, কাগজপত্রে থাকা কিউআর কোড যাচাই করে তিনি দেখতে পান, মিউটেশনের নথি দুটি ভুয়া। এছাড়া ওই নথিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের স্বাক্ষরের স্ক্যান কপি ব্যবহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হয়ে তিনি রবিবার উপজেলা ভূমি অফিসে এসে অভিযোগ করেন এবং অভিযুক্তকে শনাক্ত করেন।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ‘এ ধরনের জালিয়াতি চক্রের প্রতারণার কারণে কুয়াকাটায় বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। আমার কাছে এখন পর্যন্ত অন্তত ২৭টি জালিয়াতির ঘটনা ধরা পড়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪ ও ৫ ধারায় এ ধরনের অপরাধ দণ্ডনীয়।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে এজাহার দাখিল এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
বাংলাদেশ সময়: ১৭:৪৫:০০ ● ৮৯ বার পঠিত
