রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬

তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ

হোম » বরগুনা » তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬


 

তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

 

বরগুনার তালতলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘরে হামলা ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোনখোলা এলাকার এমদাদুল গং ও একই এলাকার রহিম মৃধা গংয়ের মধ্যে ছয় একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিস-বৈঠক হলেও বিরোধের কোনো সমাধান হয়নি।

 

ভুক্তভোগীদের অভিযোগ, শনিবার বিকেলে ঘরে তালা দিয়ে পাশের এলাকায় গেলে রহিম মৃধার নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এমদাদুলের বাবা কালু হাওলাদারের বসতঘরে হামলা চালায়। একপর্যায়ে ঘরটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হলে সেটি সম্পূর্ণ পুড়ে যায়।

 

কালু হাওলাদার বলেন, ‘আমরা দুই বছর ধরে এই ঘরে বসবাস করে আসছি। জরুরি একটি কাজে শনিবার বিকেলে পাশের এলাকায় গেলে ওই সুযোগকে কাজে লাগিয়ে রহিম মৃধাসহ বহিরাগত লোকজন এসে আমার বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসলে আমাকেও বেধড়ক মারধর করা হয়।’

 

তবে অভিযোগ অস্বীকার করে রহিম মৃধা বলেন, ‘তারা আমাদের জমি অবৈধভাবে দখলের পাঁয়তারা করছে। আমাদের ফাঁসাতে তারা নিজেরাই নিজেদের ছোট একটি ঘরে আগুন দিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।’

 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ছোনখোলা এলাকায় বিরোধীয় জমিতে ছোট একটি বাসা দিয়ে এক নারী থাকতেন। ওই দিন বাসায় কেউ না থাকার সুযোগে কে বা কারা এসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে খবর পেয়েছেন। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৩৯ ● ২৫ বার পঠিত