শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬

কয়রায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নারীর সংবাদ সম্মেলন

হোম » খুলনা » কয়রায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নারীর সংবাদ সম্মেলন
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬


 

কয়রায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নারীর সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় নিজেদের ক্রয়কৃত ও দীর্ঘদিনের ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সুফিয়া বেগম নামে এক নারী। তিনি দাবি করেছেন, প্রতিপক্ষের লোকজন জমি দখলের পাশাপাশি তাকে ও তার স্বামীকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন সুফিয়া বেগম।

 

তিনি জানান, তিনি উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার গ্রামের বাসিন্দা। উত্তর বেদকাশী মৌজার এসএ ৭৪০ নম্বর খতিয়ানের রেকর্ডীয় মালিক অমূল্য ও রাখাল চন্দ্রের কাছ থেকে আবু দাউদ মোল্লা জমিটি ক্রয় করে দীর্ঘদিন ভোগদখলে ছিলেন। পরে একাধিক দলিলের মাধ্যমে ওই সম্পত্তি তার ও তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়। এরপর তারা জমিটি ঘেরা দিয়ে প্রায় ২৫-২৬ বছর ধরে ভোগদখল করে আসছেন বলে দাবি করেন তিনি।

 

সুফিয়া বেগমের অভিযোগ, সম্প্রতি একই গ্রামের সাহেব আলীর ছেলে বুলবুলি তার আত্মীয়স্বজনসহ প্রায় ২৫-২৬ জনকে নিয়ে ওই জমি দখলের চেষ্টা করেন। এখনও তারা জমি দখলের চেষ্টা চালিয়ে তাকে হুমকি দিচ্ছেন বলে দাবি করেন তিনি।

 

তিনি বলেন, এ ঘটনায় উপজেলা নির্বাহী আদালতে মামলা করেছেন। মামলার আদেশ অনুযায়ী দখলভিত্তিক স্থিতি বজায় রাখা এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় কয়রা থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

সুফিয়া বেগম আরও অভিযোগ করেন, গত ৫ সেপ্টেম্বর অভিযুক্তরা তার বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক ঘেরার বেড়া ভাঙচুর, লুটপাট এবং ধানের পাতা তুলে ফেলেন। এ সময় বাধা দিলে তাকে জীবননাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি কয়রা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিপক্ষের লোকজন তাকে ও তার স্বামীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন এবং বসতবাড়ি দখলের চেষ্টা করছেন। যেকোনো সময় তার ওপর হামলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

 

এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং জমির শান্তিপূর্ণ দখল নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন সুফিয়া বেগম।

বাংলাদেশ সময়: ১৯:১৮:৪২ ● ১০ বার পঠিত