শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬

নিজের জমানো টাকায় দাফন হলো ভিক্ষুক ওয়াহাবের

হোম » ভোলা » নিজের জমানো টাকায় দাফন হলো ভিক্ষুক ওয়াহাবের
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬


 

নিজের জমানো টাকায় দাফন হলো ভিক্ষুক ওয়াহাবের

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় নিজের জানাজা ও মৃত্যুর পর মানুষকে খাওয়ানোর জন্য ভিক্ষা করে টাকা জমিয়ে রাখতেন সত্তরোর্ধ্ব ওয়াহাব পাটোয়ারী। স্থানীয়দের কাছে তিনি ‘মফুর বাপ’ নামে পরিচিত ছিলেন। মৃত্যুর পর তার জমানো টাকা দিয়েই কেনা হয়েছে দাফনের কাপড় এবং সম্পন্ন হয়েছে জানাজা ও দাফনের আয়োজন।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কবির বাজারে মেয়ের বাড়িতে মারা যান ওয়াহাব পাটোয়ারী। পরে জুমার নামাজের আগে তার জমানো টাকা দিয়ে দাফনের কাপড় কেনা হয়। মনির বাজার জামে মসজিদে জানাজা শেষে স্থানীয়রা তাকে দাফন করেন।

 

ওয়াহাব পাটোয়ারী উপজেলার মনপুরা ইউনিয়নের আন্দিরপাড় গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পথে পথে ভিক্ষা করতেন।

 

স্থানীয়রা জানান, সারাদিন বাজারে বাজারে ঘুরে ভিক্ষা করতেন ওয়াহাব। ভিক্ষায় পাওয়া টাকা পুঁটলিতে করে রাখতেন। রাতে সেই টাকা সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের কাছে আমানত হিসেবে জমা রাখতেন। নিজের মৃত্যুর পর জানাজা ও দাফনের খরচের সংকট হতে পারে, এমন আশঙ্কা থেকেই তিনি টাকা জমিয়ে রাখতেন বলে জানান স্থানীয়রা।

 

ওয়াহাবের মৃত্যুর পর সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের কাছে রাখা টাকার পুঁটলি খুলে গণনা করা হয়। সেখানে ৮ হাজার ৯৮৫ টাকা পাওয়া যায়। এরপর আলাউদ্দিন হাওলাদার ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী ৫ হাজার টাকা এবং ব্যবসায়ী শাহীন ২ হাজার টাকা ওয়াহাবের আত্মীয়দের হাতে তুলে দেন।

 

স্থানীয়রা আরও জানান, মাথার সমস্যায় আক্রান্ত হওয়ার পর থেকে ওয়াহাব পরিবারের সঙ্গে থাকতেন না। পথে-বাজারে ভিক্ষা করতেন এবং সেখানেই ঘুমাতেন। পরিবার ও আত্মীয়স্বজনের কাছেও নিয়মিত যেতেন না। ভিক্ষা করে পাওয়া টাকা তিনি আলাউদ্দিন হাওলাদারের কাছে জমা রাখতেন।

 

মৃত্যুর পর তার জমানো টাকা ফেরত দিয়ে জানাজা ও দাফনের ব্যবস্থা করায় সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের উদ্যোগকে স্থানীয়রা ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

 

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী জানান, ওয়াহাব নিজের দাফনের জন্য নিজেই টাকা জমিয়ে রেখেছিলেন। তার ওসিয়ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। স্থানীয়দের নিয়ে আয়োজন করে মানুষকে খাওয়ানোরও ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১০:৫১:৪৭ ● ১৭ বার পঠিত