শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬

নলছিটিতে বসতঘরে আগুন, ২০ লাখ টাকার ক্ষতির দাবি

হোম » ঝালকাঠী » নলছিটিতে বসতঘরে আগুন, ২০ লাখ টাকার ক্ষতির দাবি
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬


নলছিটিতে বসতঘরে আগুন, ২০ লাখ টাকার ক্ষতির দাবি

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

ঝালকাঠির নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকায় একটি টিনশেড বসতঘরে আগুন লেগে আসবাবপত্রসহ ঘরের সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘরের মালিক মো. রাজ্জাক হাওলাদার। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সূর্যপাশা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাজ্জাক হাওলাদার বলেন, অগ্নিকাণ্ডের সময় পরিবারের কেউ ঘরে ছিলেন না। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তারা ঘর থেকে বের হয়েছিলেন। গ্যাসের সিলিন্ডার থেকেও আগুন লাগার সম্ভাবনা নেই বলে দাবি করেন তিনি। তার ধারণা, কেউ পেট্রোল ঢেলে আগুন দিয়ে থাকতে পারে।

তিনি বলেন, ‘ঘরে থাকা কোনো মালামালই রক্ষা করতে পারিনি। পরনের পোশাক ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মফিজুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই বসতঘরটি পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের ঘটনায় নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:২৯:২৬ ● ১৩ বার পঠিত