শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬
বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ
হোম » গণমাধ্যম » বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীর প্যারারা রোডে দৈনিক সমকালের কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় কার্যালয়ের একটি কক্ষে রশিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ সব বিষয় মাথায় রেখে তদন্ত করছে।’
কোতোয়ালি থানার এসআই মেহেদি হাসান বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে আমরা প্যারারা রোডের ওই ভবনের দ্বিতীয় তলায় যাই। সেখানে সমকাল কার্যালয়ে রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়।’
পুলক চ্যাটার্জি দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের দিকে তাকে অব্যাহতি দেওয়া হয় বলে তার পরিবার জানিয়েছে। এরপর থেকে তিনি বেকার ছিলেন। তিনি বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে।
পুলকের ভাই ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জি বলেন, চাকরি না থাকায় তার ভাই কিছুটা হতাশ ছিলেন। ‘সে কারণেও এটা হতে পারে,’ বলেন তিনি।
ঘটনাস্থলে পুলকের স্ত্রী নিলোৎপলা মুখার্জি বলেন, ‘চাকরি হারানোর পর থেকে তিনি হতাশ ছিলেন। কিন্তু এ কারণে আত্মহত্যা করবেন, সেটা কেউ ভাবিনি।’
সমকালের বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী বলেন, কার্যালয়ের একটি বিকল্প চাবি পুলক চ্যাটার্জির কাছে ছিল। তিনি মাঝে মাঝে সেখানে এসে বসতেন।
দৈনিক যুগান্তরের সাংবাদিক এস এন পলাশ বলেন, ‘আমাদের অফিস তিন তলায়। দাদাকে মাঝে মাঝে এখানে এসে বসতে ও পত্রিকা পড়তে দেখতাম। আজ সন্ধ্যার দিকে সুমন চৌধুরী এসে বলেন, বৌদি ফোনে পুলক দাদাকে পাচ্ছেন না। তাই একটু খুঁজে দেখতে।’
তিনি বলেন, এরপর সুমন চৌধুরী দ্রুত সমকাল কার্যালয়ে যান। শুক্রবার হওয়ায় অফিস সহকারী দীপক সেখানে ছিলেন না। সুমন চৌধুরী দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজার ফাঁক দিয়ে পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হয়।
ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় সমকাল, যুগান্তর, আলোকিত বাংলাদেশসহ কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয় রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২:২০:২৬ ● ২৯ বার পঠিত
