বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬
অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে গৌরনদীতে পুলিশের সভা
হোম » বরিশাল » অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে গৌরনদীতে পুলিশের সভা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
শিক্ষার্থীদের মধ্যে অপরাধবিরোধী সচেতনতা তৈরি ও সামাজিক অপরাধ প্রতিরোধে বরিশালের গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী মডেল থানা এ কর্মসূচির আয়োজন করে।
সভায় শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, সাইবার প্রতারণা, অনলাইন জুয়া ও নারী নির্যাতনের মতো অপরাধের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারে সতর্কতা অবলম্বনের বিষয়েও আলোচনা করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থীদের আইন মেনে চলার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।
ওসি বলেন, ‘অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। শিক্ষার্থী, পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।’
কোনো অপরাধ বা অনিয়মের ঘটনা চোখে পড়লে বিষয়টি গোপন না করে অভিভাবক, শিক্ষক অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেন তিনি। শিক্ষার্থীদের সচেতনতা বাড়লে সামাজিক অপরাধের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও উল্লেখ করেন ওসি।
এ সময় শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকেই আইন, নৈতিকতা ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:৫৪:০৫ ● ৩৩ বার পঠিত
