বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬
সাগরে চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ, আহত ৪ জেলে
হোম » জেলে-মৎস্য » সাগরে চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ, আহত ৪ জেলে
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় সাগরে মাছ ধরতে দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি মাছধরা ট্রলারে হামলার অভিযোগ উঠেছে। এতে চার জেলে আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের মিনি সুইজারল্যান্ড সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মো. জাহাঙ্গীর (২৭), মো. মনির (২৩), ওমর ফারুক (৪৫) ও মস্তফা (৪২)। তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি ধুলাসার ও ডালবুগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
আহত জেলেদের ভাষ্য, কয়েক দিন ধরে সাগরে জাল ফেলতে ওমর ফারুকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন স্থানীয় শাহআলম চৌকিদার। বৃহস্পতিবার সকালে চাঁদা না দিয়ে ওমর ফারুক চার জেলেকে নিয়ে মিনি সুইজারল্যান্ড সংলগ্ন সাগরে জাল ফেলেন।
পরে শাহআলমের ছেলে ইলিয়াস একটি ট্রলার নিয়ে সেখানে গিয়ে ১ লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তিনি সাগর থেকে তাদের জাল নিয়ে চলে যান বলে দাবি করেন জেলেরা। এরপর শাহআলম, তার ছেলে ইলিয়াস ও রিয়াজসহ ২০ থেকে ২৫ জন সেখানে গিয়ে চার জেলের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তারা।
হামলায় আহত হওয়ার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান।
তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন শাহআলম চৌকিদার। তিনি বলেন, জাল ফেলা নিয়ে তার ছেলের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়েছে। চাঁদা দাবির ঘটনা সম্পূর্ণ বানোয়াট।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১:৪৪:০৮ ● ৩০ বার পঠিত
