বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে ছাত্রশিবিরের ৩ নেতার ওপর হামলা, মোটরসাইকেলে আগুন

হোম » রাজনীতি » গোপালগঞ্জে ছাত্রশিবিরের ৩ নেতার ওপর হামলা, মোটরসাইকেলে আগুন
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬


 

গোপালগঞ্জে ছাত্রশিবিরের ৩ নেতার ওপর হামলা, মোটরসাইকেলে আগুন

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর উপজেলায় ছাত্রশিবিরের তিন নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। হামলায় গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার কাঠি ইউনিয়নের খেলনা গ্রামের পদ্মবিল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী কমিটির মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইসমাইল ইলাহি, গোপালগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফোরকান খান এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বিন হাবিব।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ওই তিনজন একটি মোটরসাইকেলে করে খেলনা গ্রামের পদ্মবিলে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাদের ওপর হামলা হয়। একপর্যায়ে তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

পুলিশ জানায়, হামলার ঘটনার পর ছাত্রলীগের সাবেক এক নেতার ফেসবুক পেজে মোটরসাইকেলে অগ্নিসংযোগের একটি ভিডিও পোস্ট করা হয়। বিষয়টি পুলিশের নজরে এসেছে। ওই ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা ও শোনা যায়।

ওসি আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

পুলিশ জানিয়েছে, ভিডিওসহ অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৪১:২২ ● ১৯ বার পঠিত