মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬

পিস্তল ও ৬ ককটেল সদৃশ বস্তুসহ ডাকাতদলের সর্দার গ্রেপ্তার

হোম » পিরোজপুর » পিস্তল ও ৬ ককটেল সদৃশ বস্তুসহ ডাকাতদলের সর্দার গ্রেপ্তার
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬


 

পিস্তল ও ৬ ককটেল সদৃশ বস্তুসহ ডাকাতদলের সর্দার গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগাজিন ও ছয়টি ককটেল সদৃশ বস্তুসহ আন্তঃজেলা ডাকাতদলের সর্দার হিসেবে পরিচিত মো. দুলাল সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মিরুখালী ইউনিয়নের খায়ের ঘটিচোড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার দুলাল সরদার উপজেলার খায়ের ঘটিচোড়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আব্দুল খালেক সরদারের ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দুলাল সরদারকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে হাঁসের ঘরের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং লাল রঙের কসটেপ দিয়ে মোড়ানো ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

 

পুলিশের তথ্যমতে, দুলাল সরদারের বিরুদ্ধে ঝালকাঠি জেলায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে।

 

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে দুলাল সরদারকে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার হিসেবে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারের পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৩৭ ● ২১ বার পঠিত