রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬

অবশেষে নেছারাবাদের ‘আস্থা’ সমিতির মালিক খোকন গ্রেপ্তার

হোম » পিরোজপুর » অবশেষে নেছারাবাদের ‘আস্থা’ সমিতির মালিক খোকন গ্রেপ্তার
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬


 

অবশেষে নেছারাবাদের ‘আস্থা’ সমিতির মালিক খোকন গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে ছয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং আস্থা ঋণদান ও সমবায় সমিতি লিমিটেডের মালিক বিশ্বজিৎ হালদার খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিমানবন্দর থানা এলাকার কলারটিমা-কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

গ্রেপ্তার বিশ্বজিৎ হালদার খোকন নেছারাবাদ উপজেলার গণপতিকাঠি গ্রামের বিমল চন্দ্র হালদারের ছেলে। তিনি আস্থা ঋণদান ও সমবায় সমিতি লিমিটেড নামে একটি সমিতির মালিক বলে জানা গেছে। সমিতিটিতে প্রায় এক হাজার সদস্যের লক্ষাধিক টাকা আমানত হিসেবে জমা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

পুলিশ জানায়, বিশ্বজিৎ হালদার খোকনের বিরুদ্ধে সিআর মামলাসহ মোট ছয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত এবং একটি মামলায় সাধারণ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন খোকন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে নেছারাবাদ থানা পুলিশের একটি দল বরিশাল বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালায়। এএসআই মো. রিয়াদ হাসান ও এএসআই মো. শাওনের নেতৃত্বে পুলিশ সদস্যদের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

 

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, বিশ্বজিৎ হালদার খোকনের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা জারির পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সকালে (৭ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৫:২৩ ● ১১৭ বার পঠিত