রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
মনপুরায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
হোম » ভোলা » মনপুরায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
ভোলার মনপুরায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান জিয়া। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে তাঁর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা ইউনিয়নের বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় ভোটার ও নেতা-কর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান।
রবিবার বিকেল ৪টার দিকে মোটরসাইকেলের বহর নিয়ে হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেন জিয়াউর রহমান জিয়া। বহরটি হাজিরহাট বাজার, বাঁধেরহাট, চৌমুহুনী বাজার, ফকিরহাট বাজার, ভূইয়ারহাট, নাইবেরহাট ও চৌধুরী বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে যায়।
হাজিরহাট বাজার এলাকার ভোটার মোসলেহ উদ্দিন খোকন বলেন, ‘মোটরসাইকেল বহরের মধ্য দিয়ে হাজিরহাট ইউনিয়নে নির্বাচনী উৎসবের আমেজ শুরু হয়েছে। আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই।’
ফকিরহাট এলাকার ভোটার মামুন, জাবেদ ও শাহীন, বাঁধেরহাটের রাকিব ও রুবেল এবং ভূইয়ারহাট এলাকার কালাম, ফরিদ ও সাজুসহ কয়েকজন ভোটার বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে জিয়াউর রহমান জিয়াকে তাঁরা সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন। নির্বাচিত হলে তিনি সাধারণ মানুষের পাশে থেকে সেবা করবেন বলে তাঁদের প্রত্যাশা।
নাইবেরহাট, চৌধুরী বাজার ও বাউলবাড়ি এলাকার কয়েকজন ভোটার বলেন, ‘দুঃসময়ে জিয়া ভাইকে পাশে পেয়েছি। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সুবিধার উন্নয়নে কাজ করবেন বলে আমরা আশা করি।’ আসন্ন নির্বাচনে জিয়াউর রহমান জিয়া বিএনপির মনোনয়ন পাবেন বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগকালে জিয়াউর রহমান জিয়া বলেন, ‘আমি আপনাদের সেবা করতে এসেছি, শাসক হতে আসিনি। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। ভোট ও দোয়া দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।’
তিনি আরও বলেন, ‘আমি সাধারণ পরিবার থেকে উঠে আসা আপনাদেরই সন্তান। নির্বাচিত হলে হাজিরহাট ইউনিয়নকে নিরাপদ, আধুনিক ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজের স্থান এই ইউনিয়নে হতে দেওয়া হবে না।’
পরে তিনি ভোটারদের কাছে ভোট ও দোয়া কামনা করেন।
বাংলাদেশ সময়: ২১:৪৭:৩১ ● ২০ বার পঠিত
