রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬

তালতলীতে বিরল বিষধর দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার

হোম » বরগুনা » তালতলীতে বিরল বিষধর দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬


তালতলীতে বিরল বিষধর দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধারসাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

 

বরগুনার তালতলীতে বিরল প্রজাতির বিষধর ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’, স্থানীয়ভাবে পরিচিত ‘দাগী লেজা সবুজ বোড়া’ সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার সোনাকাটা গ্রাম থেকে সাপটি উদ্ধার করেন স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর তথ্য ও প্রচার সম্পাদক মো. কাওসার ওরফে হৃদয়।

 

পরে সাপটি নিরাপদে সোনাকাটার টেংরাগিরি ইকোপার্কসংলগ্ন বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।

 

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, ‘স্পট-টেইলড পিট ভাইপার বা দাগী লেজা সবুজ বোড়া বাংলাদেশে পাওয়া একটি বিষধর গেছো সাপ। স্থানীয়ভাবে এটি সবুজ বোড়া, টিয়া বোড়া বা গেছো বোড়া নামেও পরিচিত।’

 

তিনি জানান, পিট ভাইপার প্রজাতির সাপের নাকের সামনে তাপ সংবেদনশীল বিশেষ অঙ্গ থাকে, যা ‘পিট অর্গান’ নামে পরিচিত। এদের মাথা সাধারণত ত্রিকোণাকৃতির ও কিছুটা চ্যাপ্টা হয়ে থাকে। মাথার দুই পাশে থাকা এই বিশেষ অঙ্গ প্রজাতিটিকে শনাক্ত করার অন্যতম বৈশিষ্ট্য।

তালতলীতে বিরল বিষধর দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার

 

আসাদুল্লাহ হাসান মুসা আরও জানান, এ প্রজাতির সাপ মূলত নিশাচর ও গেছো স্বভাবের। দিনের চেয়ে রাতে এরা বেশি সক্রিয় থাকে এবং গাছপালা, ঝোপঝাড় ও বনাঞ্চলে বসবাস করে। বাংলাদেশের পাহাড়ি বনাঞ্চলে এদের উপস্থিতি বেশি হলেও সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সুন্দরবনের পাশাপাশি পটুয়াখালী, বরগুনা, ভোলা ও পিরোজপুরেও এ প্রজাতির উপস্থিতির তথ্য রয়েছে।

 

তিনি বলেন, পূর্ণবয়স্ক একটি পিট ভাইপার সাধারণত প্রায় দুই ফুট লম্বা হয়, তবে সর্বোচ্চ আড়াই ফুট পর্যন্ত হতে পারে। এরা ডিম পাড়ে না, সরাসরি বাচ্চা প্রসব করে। সাধারণত এপ্রিল-মে মাসে প্রজনন শেষে প্রায় পাঁচ মাস পর একটি স্ত্রী সাপ ১০ থেকে ২০টি পর্যন্ত বাচ্চা প্রসব করতে পারে।

বাংলাদেশ সময়: ১২:৪১:১১ ● ২৫ বার পঠিত