শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ৯ নারী-পুরুষ ও শিশু

হোম » খুলনা » ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ৯ নারী-পুরুষ ও শিশু
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬


 

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ৯ নারী-পুরুষ ও শিশু

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল

 

ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ৯ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু দেশে ফিরেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

 

ফেরত আসাদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও দুটি শিশু রয়েছে। তারা নড়াইল, রাজবাড়ী, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা।

 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে প্রায় আড়াই বছর আগে তারা সীমান্তপথে অবৈধভাবে ভারতে যান। পরে ভারতের দমদম এলাকায় বাসাবাড়ি ও ক্ষেত-খামারে কাজ করার সময় দেশটির পুলিশের হাতে আটক হন তারা।

 

তিনি বলেন, আটকের পর তাদের আদালতে পাঠানো হলে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজা ভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টার হোমে রাখে। পরবর্তীতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পান।

 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারত থেকে ফেরত আসা ৯ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

 

জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, বেনাপোল পোর্ট থানা থেকে ফেরত আসাদের গ্রহণ করে তাদের সংস্থার শেল্টার হোমে রাখা হয়েছে। আগামীকাল রবিবার তাদের নিজ নিজ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:০১:৪০ ● ৩০ বার পঠিত