শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
তজুমদ্দিনে বাগানের জঙ্গল পরিষ্কার নিয়ে সংঘর্ষ, আহত ৫
হোম » ভোলা » তজুমদ্দিনে বাগানের জঙ্গল পরিষ্কার নিয়ে সংঘর্ষ, আহত ৫

সাগরকন্যা প্রতিবেদক, তজুমদ্দিন (ভোলা)
ভোলার তজুমদ্দিনে বাগানের জঙ্গল পরিষ্কার করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সকালে মো. হাসনাইন কয়েকজনকে সঙ্গে নিয়ে নিজের বাগানের জঙ্গল পরিষ্কার করছিলেন। এ সময় একই এলাকার হাসানুজ্জামানের ছেলে মো. আলম ও তার স্ত্রী মরিয়ম বেগম লাঠিসোঁটা নিয়ে এসে হাসনাইনের কাজে বাধা দেন এবং হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
হাসনাইনের চিৎকার শুনে তার মা ও খালারা এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. আলমের বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, মারামারির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯:৪১:৩৭ ● ২৪ বার পঠিত
