শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬

আমতলীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, ক্লাস বন্ধ ছাত্রীর

হোম » বরগুনা » আমতলীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, ক্লাস বন্ধ ছাত্রীর
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬


 

এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনার আমতলীতে এক দশম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন রুবেলের বিরুদ্ধে। অভিযোগের পর ওই ছাত্রী ও তার পরিবারকে হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে শিক্ষকের বিরুদ্ধে। ভয়ে গত তিন দিন ধরে ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়া বন্ধ রেখেছে বলে জানিয়েছে পরিবার।

 

ঘটনাটি উপজেলার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন রুবেল দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির দশম শ্রেণির এক ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গত সোমবার ওই ছাত্রীকে অনৈতিক ও শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

 

প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রী বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে ছাত্রীর ভাই প্রধান শিক্ষকের কাছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন। এরপর থেকে শিক্ষক রুবেল ওই ছাত্রী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে পরিবার।

 

ওই ছাত্রী অভিযোগ করে বলে, ‘রুবেল স্যার দীর্ঘদিন ধরে আমাকে খারাপ প্রস্তাব দিয়ে আসছেন। আমি রাজি না হওয়ায় গত সোমবার আবার অনৈতিক প্রস্তাব দেন। বিষয়টি পরিবারকে জানানোর পর তিনি আরও ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার পরিবারকে হুমকি দিচ্ছেন। ভয়ে ঘটনার পর থেকে আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছি।’

 

ছাত্রীর মা বলেন, ‘আমার মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় আমার ছেলে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষক আমাদের হুমকি দিচ্ছেন। ভয়ে আমার মেয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।’

 

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষক এর আগেও ছাত্রীদের উত্ত্যক্ত করেছেন বলে তারা শুনেছেন। এ ধরনের অভিযোগে একাধিকবার সালিস বৈঠক হলেও তার আচরণে পরিবর্তন আসেনি বলেও দাবি করেন তারা।

 

তবে অভিযোগ অস্বীকার করেছেন সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন রুবেল। তিনি বলেন, ‘হ্যান্ডবল ও কাবাডি খেলার খেলোয়াড় চূড়ান্ত করার জন্য ওই ছাত্রীকে ডাকা হয়েছিল। আমি তাকে বলেছিলাম, তুমি ভালো খেলতে পারবে। এ বিষয়কে কেন্দ্র করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।’

 

কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী গোলাম ফারুক বলেন, ‘সহকারী শিক্ষক রুবেলের বিরুদ্ধে ওই ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার বৈঠক হয়েছে এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাকে সতর্ক করেছেন।’

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৯:২৩:৩২ ● ১৮ বার পঠিত