শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বাবা-মাকে মারধর ও হত্যার হুমকি, ছেলের এক মাসের কারাদণ্ড
হোম » বরগুনা » বরগুনায় বাবা-মাকে মারধর ও হত্যার হুমকি, ছেলের এক মাসের কারাদণ্ড
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় নেশাগ্রস্ত অবস্থায় বাবা-মাকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মিজানুর রহমান (৩২) নামে এক যুবককে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান বরগুনা পৌরসভার আবদুল কাদের সড়কের বাসিন্দা মো. নাসির হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবদুল কাদের সড়কে নিজ বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় বাবা নাসির হাওলাদারের কাছে টাকা দাবি করেন মিজানুর রহমান। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি বাবা ও মা ফাতেমা বেগমকে মারধর করেন এবং হত্যার হুমকি দেন বলে অভিযোগ ওঠে।
খবর পেয়ে বরগুনা সদর থানার উপপরিদর্শক মাসুদ মুন্সীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মিজানুর রহমানকে হেফাজতে নেয়।
পুলিশ জানায়, আটকের পর মিজানুর রহমান তার অপরাধের কথা স্বীকার করেন। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় দোষ স্বীকার করেন। শুনানি শেষে আদালত তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
মিজানুর রহমানের বাবা নাসির হাওলাদার বলেন, ‘আমার ছেলে একসময় ভালো ছিল। পরে খারাপ ছেলেদের সঙ্গে মিশে নেশায় জড়িয়ে পড়ে। টাকা দিতে না পারলে আমাদের মারধর করে এবং হত্যার হুমকি দেয়। বাধ্য হয়ে পুলিশকে খবর দিয়েছি।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, ‘নেশাগ্রস্ত অবস্থায় মিজানুর রহমান তার বাবা-মাকে মারধর ও হত্যার হুমকি দিচ্ছেন- এমন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়। পরে তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। আদালতে তিনি নিজের দোষ স্বীকার করলে আদালত তাকে কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।’
বাংলাদেশ সময়: ৭:৩৬:২৬ ● ২১ বার পঠিত
