শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬
১২ হাজার ৯০০ টাকায় বিক্রি হলো আড়াই কেজির ‘রাজা ইলিশ’
হোম » জেলে-মৎস্য » ১২ হাজার ৯০০ টাকায় বিক্রি হলো আড়াই কেজির ‘রাজা ইলিশ’
![]()
সাগরকন্যা প্রতিবেদক, ভোলা
ভোলার মেঘনা নদী ও বঙ্গোপসাগরের সংযোগস্থল সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বড় ‘রাজা ইলিশ’। মাছটি উন্মুক্ত নিলামে ১২ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা তালতলি মাছঘাটে আড়তদার নাগর হাজারির আড়তে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ দামে ইলিশটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী লোকমান হোসেন ব্যাপারী।
আড়তদার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার সময় স্থানীয় জেলে মিরাজ মাঝির জালে অন্যান্য মাছের সঙ্গে বড় আকৃতির ইলিশটি ধরা পড়ে। মাছ ধরা শেষে শুক্রবার সকালে জেলেরা ভোলায় ফিরে মাছটি তালতলি মাছঘাটে নিয়ে আসেন। বিশাল আকৃতির ইলিশটি দেখতে ঘাটে জেলে, মাছ ব্যবসায়ী ও উৎসুক মানুষের ভিড় জমে। পরে উন্মুক্ত নিলামে ১২ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন লোকমান হোসেন ব্যাপারী।
আড়তদার নাগর হাজারি বলেন, ‘আড়তে সাধারণত এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। আমার মনে হচ্ছে, আড়াই কেজি ওজনের এই ইলিশটি চলতি মৌসুমের সবচেয়ে বড় ইলিশ। মাছটি কেনার জন্য ঘাটের বিভিন্ন আড়তদার স্বতঃস্ফূর্তভাবে নিলামে অংশ নিয়েছিলেন।’
মাছটির ক্রেতা লোকমান হোসেন ব্যাপারী বলেন, ‘রাজা ইলিশটি সর্বোচ্চ দামে কিনেও মনে হচ্ছে জিতেছি। অন্যান্য মাছের সঙ্গে এটি ঢাকার মাওয়া ঘাট অথবা অন্য কোনো বড় বাজারে বিক্রির জন্য পাঠাব। আশা করছি, ১৫ হাজার টাকায় বিক্রি করতে পারব।’
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন বলেন, ‘মৌসুমের শেষ দিকে নদী ও সাগরে বড় ইলিশ ধরা পড়া অবশ্যই ভালো খবর। আড়াই কেজি ওজনের ইলিশটির বয়স আনুমানিক দুই থেকে আড়াই বছর হতে পারে। সামনে ইলিশের ডিম দেওয়ার মৌসুম থাকায় ধারণা করা যায়, বড় ইলিশ নদীর দিকে আসছে।’
বাংলাদেশ সময়: ১৯:৫৮:৩৪ ● ২০ বার পঠিত
