বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬

কয়রায় ফেসবুক পেইজে ‘মিথ্যা তথ্য প্রচারের’ অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

হোম » খুলনা » কয়রায় ফেসবুক পেইজে ‘মিথ্যা তথ্য প্রচারের’ অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬



কয়রায় ফেসবুক পেইজে ‘মিথ্যা তথ্য প্রচারের’ অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

খুলনার কয়রায় একটি ফেসবুক পেইজে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং হয়রানি করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মো. আব্দুস সামাদ নামে এক ব্যক্তি। এ ঘটনায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার উত্তর মদিনাবাদ গ্রামের মজিবার গাজীর ছেলে মো. আব্দুস সামাদ।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সম্প্রতি ‘কয়রা সাংবাদিক ফোরাম-খুলনা’ নামের একটি ফেসবুক পেইজে তাকে নিয়ে কিছু তথ্য প্রকাশ করা হয়। সেখানে ব্র্যাকের চাকরি ছেড়ে মাস্টার এজেন্ট হিসেবে কাজ করে অল্প সময়ে বিপুল সম্পত্তির মালিক হওয়ার অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আব্দুস সামাদ বলেন, ‘আমার বিরুদ্ধে প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কোনো ধরনের মাস্টার এজেন্টের কাজের সঙ্গে জড়িত নই।’

তিনি আরও বলেন, ওই ফেসবুক পেইজে তাকে দুইবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছেন বলেও তথ্য প্রকাশ করা হয়েছে। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, এসব তথ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আব্দুস সামাদ অভিযোগ করেন, একটি মহল তার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে হয়রানি এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

তিনি প্রকাশিত তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯:৩০:৩৪ ● ১০ বার পঠিত