বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬
বিএনপিকে ধ্বংস করে গণঅধিকার পরিষদকে প্রতিষ্ঠার অভিযোগ
হোম » পটুয়াখালী » বিএনপিকে ধ্বংস করে গণঅধিকার পরিষদকে প্রতিষ্ঠার অভিযোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপিকে দুর্বল করে গণঅধিকার পরিষদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের সমর্থক দলের নেতারা।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দশমিনা উপজেলা সদর রোডের বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল।
লিখিত বক্তব্যে বলা হয়, মঙ্গলবার গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ মিছিলে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তবে হামলার অভিযোগের বিষয়ে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, দশমিনা-গলাচিপা বিএনপির নেতৃত্ব একটি ‘কুচক্রী মহলের’ হাতে চলে যাওয়ায় দলকে ব্যবহার করে লুটপাট, চর ও জমি দখল, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং সরকারি টিউবওয়েল বরাদ্দ দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার মতো কর্মকাণ্ড চলছে।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে দ্রুত হাসান মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং দশমিনা-গলাচিপায় ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম তালুকদার, সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ও রুহুল আমীন মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, দপ্তর সম্পাদক রাজিব মাস্টার, দশমিনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক জহির প্যাদা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন, কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান মহল্লাদার ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুবায়ের হোসেন আক্কাসসহ অন্যরা।
অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব আলহাজ শাহ আলম শানু বলেন, ‘তারা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন। বরং গত ৫ আগস্টের পর থেকে তারা ধারাবাহিকভাবে বিএনপির নাম ভাঙিয়ে লুটপাট করেছেন। এ কারণে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন পরাজিত হয়েছেন।’
তিনি বলেন, ‘যারা জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন, তারা দলের কেউ নন।’
অভিযোগের বিষয়ে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন বলেন, ‘গণঅধিকার পরিষদ বিএনপির শরিক দল। বিএনপির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তারা মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন।’
তিনি আরও বলেন, ‘পটুয়াখালী-৩ আসনে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।’
বাংলাদেশ সময়: ১৯:৩৮:২৩ ● ৩৬ বার পঠিত
