বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬

গলাচিপায় সংঘাতের ঘটনায় শান্তির আহ্বান ইসলামী আন্দোলনের

হোম » রাজনীতি » গলাচিপায় সংঘাতের ঘটনায় শান্তির আহ্বান ইসলামী আন্দোলনের
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬


 

গলাচিপায় সংঘাতের ঘটনায় শান্তির আহ্বান ইসলামী আন্দোলনের

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গলাচিপা পৌর শাখা। একই সঙ্গে কালীবাড়ি রোডের হাবিব রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

 

বুধবার (২ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ, গলাচিপা পৌর শাখার সভাপতি মো. নাজমুল হুদা রিপন এক বিবৃতিতে বলেন, গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকার বিভিন্ন স্থানে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে কালীবাড়ি রোডের ঐতিহ্যবাহী হাবিব রেস্টুরেন্টে ভাঙচুর করা হয়।

 

তিনি বলেন, ‘বিবদমান গ্রুপগুলোকে শান্ত হওয়ার আহ্বান জানাই। নোংরা রাজনীতিকে ঘৃণা জানাই। জনগণ শান্তি চায়, ব্যবসায়ীদের ওপর হামলা কিংবা সংঘাত চায় না।’

 

হাবিব রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের নিন্দা জানিয়ে নাজমুল হুদা রিপন বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু এর প্রভাব সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ওপর পড়া কোনোভাবেই কাম্য নয়।

 

তিনি আরও বলেন, ‘সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা শান্তি চায়। সংঘাত, লুটপাট, অফিস-আদালত, ঘরবাড়ি ও দোকানপাটে ভাঙচুর কিংবা কোনো ধরনের সহিংসতা মানুষ চায় না। ক্ষমতা দিয়ে সম্প্রীতির চর্চা করা উচিত, সন্ত্রাস কাম্য নয়।’

 

রাজনৈতিক শিষ্টাচার ও সহনশীলতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের জানমালের ক্ষতি হয় এমন রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ অবস্থান নেবে।

 

তিনি বলেন, অতীতের রাজনৈতিক ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নিয়ে প্রতিহিংসা ও সংঘাতের পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির রাজনীতি চর্চা করা প্রয়োজন। গলাচিপার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:৩২ ● ১৪ বার পঠিত