বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬

মোরেলগঞ্জে বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু

হোম » খুলনা » মোরেলগঞ্জে বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬


 

প্রতীকী ছবিটি সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের মহিষপুরা উত্তর চর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ওই এলাকার বিধান বাছাড় (৬২) ও তার ছোট ভাই মানিক বাছাড় (৪০)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে দুই ভাই মহিষপুরা উত্তর চর এলাকার একটি মাঠে বীজ রোপণের কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়।

 

নিহত বিধান বাছাড়ের দুই ছেলে এবং মানিক বাছাড়ের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই ভাইয়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

মহিষপুরা ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ঝন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, খবর পেয়ে ফাঁড়ি পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬:২৫:১৬ ● ৩৩ বার পঠিত