বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬

কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ

হোম » সর্বশেষ » কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬


 

কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বেসরকারি হাসপাতালের এক নার্সের বিরুদ্ধে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন বয়সী এক নবজাতকের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রসূতি ওয়ার্ডের ফটোথেরাপি কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন শিশুটির স্বজনরা।

 

শিশুটির স্বজনরা জানান, গত শনিবার উপজেলার বালিয়াতলী ইউনিয়নের রেজাউলের স্ত্রী জান্নাতি আক্তার কনা সিজারিয়ান অপারেশনের জন্য ওই হাসপাতালে ভর্তি হন। ওই রাতেই হাসপাতালের চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমা অস্ত্রোপচার করেন। পরে তাদের একটি পুত্রসন্তান জন্ম হয়।

 

মঙ্গলবার সকালে নবজাতকের চোখে হলদে ভাব দেখা দেওয়ায় তাকে ফটোথেরাপি দেওয়ার জন্য এক নার্স থেরাপি কক্ষে নিয়ে যান। সেখানে নেওয়ার কিছু সময় পর নবজাতকটি উচ্চস্বরে কান্না শুরু করে। পরে এক্স-রে করালে শিশুটির একটি পা ভেঙে দুই টুকরো হয়ে গেছে বলে জানতে পারেন স্বজনরা।

 

নবজাতকের বাবা-মা রেজাউল ও জান্নাতি আক্তার কনা অভিযোগ করেন, দায়িত্বে থাকা নার্সের অবহেলার কারণেই তাদের শিশুর পা ভেঙে গেছে। তবে তারা ওই নার্সের নাম জানাতে পারেননি।

 

ম্যাক্স হাসপাতালের মালিকানার অংশীদার মো. নাহিদ বলেন, ‘নবজাতকের পা ঠিক কীভাবে ভেঙেছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আহত শিশুটির উন্নত চিকিৎসার ব্যয়ভার হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।’

 

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেনমং বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলাদেশ সময়: ১২:১১:০৭ ● ৩৯ বার পঠিত