বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬

কাবা শরিফের সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

হোম » রাজনীতি » কাবা শরিফের সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬


 

কাবা শরিফের সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

সৌদি আরবে পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন বরিশালের আগৈলঝাড়ার মো. সাদ্দাম হাওলাদার নামে এক বিএনপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশের পাশাপাশি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তিনি বিএনপির রাজনীতি ও সংশ্লিষ্ট বিভিন্ন সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

 

সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে পবিত্র কাবা শরিফকে সাক্ষী রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে ভিডিওটি পোস্ট করেন তিনি। পরে ওই ভিডিওর মন্তব্যের ঘরে দীর্ঘ একটি স্ট্যাটাসও দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

মো. সাদ্দাম হাওলাদার বর্তমানে জিয়া সাইবার ফোর্সের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতি। একই সঙ্গে তিনি বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সাংগঠনিক পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

 

হঠাৎ করে ক্ষমতাসীন দল বিএনপির রাজনীতি ছাড়ার এমন সিদ্ধান্তের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে সাদ্দাম হাওলাদারের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তিনি সৌদি আরবে অবস্থান করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

 

ফেসবুকে দেওয়া পোস্টে সাদ্দাম হাওলাদার লেখেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি, প্রিয় জন্মভূমি বরিশালের গৌরনদী-আগৈলঝাড়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ।’

 

তিনি লেখেন, ‘আপনারা সবাই অবগত আছেন যে, বাংলাদেশের বৃহত্তম দল বিএনপির সঙ্গে দীর্ঘদিন যাবৎ আমি, বাবা ও চাচাসহ আমার পরিবারের বংশের ৯০ শতাংশ সবাই এই দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম।’

 

নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি লেখেন, ‘আমি মো. সাদ্দাম হাওলাদার জাতীয় উপ-নির্বাচন কমিটির সাবেক সদস্য ও ৪ নম্বর মডেল গৈলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রার্থী ও একজন সক্রিয় সদস্য এবং বর্তমানে আগৈলঝাড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে আছি।’

 

বর্তমানে সৌদি আরবপ্রবাসী উল্লেখ করে তিনি লেখেন, ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমার দ্বারা রাজনীতি করা সম্ভব নয়। আমরা বইপুস্তকে পড়েছিলাম, রাজনীতি হলো জনগণের সেবা করা। এখন দেখছি ভিন্ন।’

 

দলের প্রতি কোনো অভিযোগ নেই উল্লেখ করে সাদ্দাম হাওলাদার লেখেন, ‘হাজারো কথা বা অভিযোগ থাকলেও দলের প্রতি আমার বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নেই। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, ভালোবাসি দেশনায়ক তারেক রহমানের সৎ ও যোগ্য ব্যক্তিত্বকে, ভালোবাসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে।’

 

তিনি আরও লেখেন, ‘আমি কোনো বড় রাজনীতিবিদ বা ত্যাগী নেতাকর্মী নই। আমার চাইতে হাজারো লক্ষ-কোটি নেতাকর্মী এখন দলের কাছে বোঝা ও অবহেলিত। তাই আমি স্ব-সম্মানে, সজ্ঞানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক সব রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি এবং পদত্যাগ করলাম।’

 

রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে তিনি লেখেন, ‘আজকের পর থেকে আমি কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নই। আল্লাহতায়ালার ঘর পবিত্র কাবা শরিফকে সামনে রেখে তওবা করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার রাজনৈতিক জীবনে যদি জানা-অজানা কাউকে বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে আপনাদের কারও ছেলে, ভাই, বন্ধু বা সন্তান হিসেবে ক্ষমা করে দেবেন। আমি সবার কাছে বিনয়ের সঙ্গে মাফ চাই।’

 

পোস্টের বিশেষ দ্রষ্টব্য অংশে সাদ্দাম হাওলাদার লেখেন, ‘রাজনীতি ছিল আমার আবেগ ও মনের খোরাক। ভেবেছিলাম জনগণের সেবা করব। তবে সেটা রাজনীতি দিয়ে হলো না। তবে রাজনীতির বাইরেও যে মানবসেবা করা যায়, সেটা আমি সাদ্দাম প্রমাণ করে দেব, আল্লাহ ভরসা। বিগত দিনে যেমন অসহায় হতদরিদ্র মানুষের পাশে সর্বদা ছিলাম, ভবিষ্যতে আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, ইনশাআল্লাহ।’

 

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না বলেন, বিষয়টি তার জানা নেই। সাদ্দাম হাওলাদার দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। কারও সঙ্গে কোনো ধরনের বিরোধ বা ক্ষোভ থেকে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন কি না, বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

তিনি আরও বলেন, সাদ্দাম হাওলাদার লিখিতভাবে কোনো পদত্যাগপত্র না পাঠিয়ে কী কারণে ফেসবুকে ভিডিও প্রকাশ করেছেন, সে বিষয়েও খোঁজখবর নেওয়া প্রয়োজন। বিষয়টি যাচাই না করে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ১১:২০:০৩ ● ৩২ বার পঠিত