মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬

ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চেষ্টা ব্যর্থ হয়েছে: সোহেল মনজুর

হোম » রাজনীতি » ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চেষ্টা ব্যর্থ হয়েছে: সোহেল মনজুর
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬


 

ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চেষ্টা ব্যর্থ হয়েছে: সোহেল মনজুর

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চেয়েছিল। জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে সেই ষড়যন্ত্র ধুলিসাৎ হয়ে গেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ভাণ্ডারিয়া পৌরসভা অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আহম্মদ সোহেল মনজুর বলেন, ‘আমার নেতা মরহুম জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। দলমত নির্বিশেষে এ দেশটাকে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সপ্তাহের সাত দিনই সরকার কাজ করছে। মাত্র ছয় মাসে দুঃস্থভাতা, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ দেশে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে।’

 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত দিয়েছেন, এ এলাকার বন্ধ কাজগুলো শিগগিরই শুরু হবে। ফ্যাসিস্ট সরকার এ দেশটাকে ধ্বংস করে দিয়েছিল।’

 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, পৌর বিএনপির আহ্বায়ক আ. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব এবং সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মোল্লা জমাদ্দার।

 

এ সময় উপস্থিত ছিলেন জুলফিকার হায়দার হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামীম হাওলাদারসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৫৭ ● ২১ বার পঠিত