মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬

চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হোম » রাজনীতি » চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬


 

চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

নানা কর্মসূচি ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোলার চরফ্যাশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

 

সকালে দলীয় কার্যালয় প্রাঙ্গণে দলীয় পতাকা উত্তোলনে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন টিপু, সাবেক সহসভাপতি কয়ছর আহমেদ কমল, সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী এবং বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর জোটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

পরে বেলা ১১টায় চরফ্যাশন সদরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। র‌্যালি শেষে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির পক্ষ থেকে বৃক্ষরোপণ এবং স্থানীয় জলাশয়ে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিরও আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:৫১ ● ২১ বার পঠিত