সোমবার ● ৩১ আগস্ট ২০২৬

কলাপাড়ায় বিষক্রিয়ায় দুই শতাধিক দেশি মুরগির মৃত্যু, শত্রুতার অভিযোগ

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় বিষক্রিয়ায় দুই শতাধিক দেশি মুরগির মৃত্যু, শত্রুতার অভিযোগ
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬


 

কলাপাড়ায় বিষক্রিয়ায় দুই শতাধিক দেশি মুরগির মৃত্যু, শত্রুতার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় শত্রুতার জেরে বিষাক্ত গ্যাস বা বিষক্রিয়ার মাধ্যমে দুই শতাধিক দেশি মুরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার ভোরে পৌরশহরের সবুজবাগ এলাকায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, কলাপাড়া মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাকিম মৃধার পরিবার প্রায় দুই মাস আগে দেশি মুরগি পালনের জন্য বাড়িতে দুটি খামার তৈরি করে। খামার দুটিতে প্রায় ২০০টি দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করে পরিচর্যা করা হচ্ছিল। বর্তমানে মুরগিগুলোর ওজন প্রায় ৬০০ থেকে ৭০০ গ্রাম হয়েছিল।

 

হাকিম মৃধার স্ত্রী জানান, রোববার রাত ৩টার সময়ও মুরগিগুলো জীবিত ছিল। সোমবার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে খামারে গিয়ে তিনি দেখতে পান, সব মুরগি মরে পড়ে আছে। দুর্বৃত্তরা রাতের শেষ ভাগে বিষক্রিয়ার মাধ্যমে মুরগিগুলো হত্যা করেছে বলে তার অভিযোগ।

 

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও বিচারের দাবি জানান।

 

ঘটনাস্থল পরিদর্শন করে কলাপাড়া প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলী আহসান বলেন, প্রাথমিকভাবে তীব্র বিষক্রিয়ার কারণে মুরগিগুলোর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ‘এটা কোনো মানুষের কাজ হতে পারে!’

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মারুফ হোসেন বলেন, পরিবেশ ও পরিস্থিতি দেখে বিষক্রিয়ায় মুরগিগুলোর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কোনো রোগে আক্রান্ত হয়ে এত অল্প সময়ের মধ্যে এতগুলো মুরগির মৃত্যু হওয়ার সম্ভাবনা কম। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ২৩:১৬:৫১ ● ২৬ বার পঠিত