সোমবার ● ৩১ আগস্ট ২০২৬

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে মাওয়া মহাসড়কে বরগুনার নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

হোম » বরগুনা » শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে মাওয়া মহাসড়কে বরগুনার নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬


---

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়কে আকস্মিক বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানসহ ৩০ থেকে ৪০ জন নেতা-কর্মী। সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে বরগুনার স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে এ মিছিল করা হয় বলে সূত্রটি দাবি করেছে।
মিছিলের অগ্রভাগে ছিলেন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান। এ সময় নেতা-কর্মীদের হাতে ব্যানার দেখা যায়। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের একটি ভিডিও তৌশিকুর রহমান ইমরান নিজেই ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ১ মিনিট ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে কয়েকজন নেতা-কর্মীকে ব্যানার নিয়ে মহাসড়কে মিছিল করতে দেখা যায়।
তৌশিকুর রহমান ইমরান বরগুনার সাংবাদিকদের মুঠোফোনে বলেন, ‘আমরা দুই বছর ধরে রাজপথে ছিলাম, এখনও আছি এবং থাকব। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করবেন, এই প্রত্যাশায় আমরা মিছিল করেছি। নেত্রী যতদিন দেশে না ফিরবেন, ততদিন আমাদের সংগ্রাম চলবে।’
পুলিশের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘আমরা যখন মিছিল করি, তখন পুলিশ ছিল না। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে আমরা সেখান থেকে সরে যাই। আমাদের কোনো নেতা-কর্মী নিরাপত্তাহীনতায় নেই।’
তবে ঢাকা-মাওয়া মহাসড়কে এ মিছিলের বিষয়ে মাওয়া থানার পুলিশের বক্তব্য জানা যায়নি। এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৬:৪৮ ● ২৯ বার পঠিত