সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
সাগরকন্যায় নিউজ প্রকাশের পর আমতলী পৌর লেকের সৌন্দর্যবর্ধন কাজ বন্ধ, তদন্তে ইউএনওর চিঠি
হোম » লিড নিউজ » সাগরকন্যায় নিউজ প্রকাশের পর আমতলী পৌর লেকের সৌন্দর্যবর্ধন কাজ বন্ধ, তদন্তে ইউএনওর চিঠিসাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনা আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজে অনিয়ম এবং নির্মাণাধীন ওয়াকওয়ের ড্রপওয়াল (ডেক প্ল্যাটফর্ম) ধসে পড়ার ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার কাজ বন্ধ রেখে প্রকল্পের অনিয়ম ও ধসের কারণ জানতে প্রকল্প পরিচালককে চিঠি দিয়েছেন আমতলী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল ইসলাম।
আমতলী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুল ইসলাম বলেন, ‘কাজের অনিয়ম এবং ড্রপওয়াল ধসে পড়ার কারণ জানতে প্রকল্প পরিচালককে চিঠি দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জানান, ইতোমধ্যে বরিশাল প্রকল্প অফিসের একটি সুপারভিশন টিম এসে প্রকল্প এলাকা পরিদর্শন করেছে। আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে।
জানা গেছে, আমতলী পৌরসভার সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে ২০২৩-২৪ অর্থবছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা ব্যয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধন কাজ হাতে নেওয়া হয়।
২০২৪ সালের এপ্রিল মাসে আমতলী পৌরসভার তৎকালীন মেয়র মতিয়ার রহমান এ কাজের দরপত্র আহ্বান করেন। অভিযোগ রয়েছে, ঝালকাঠির ইসলাম ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটি দেওয়া হয়। তবে নামমাত্র ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজটি সাবেক মেয়র মতিয়ার রহমানই করাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
শেখ হাসিনার পতনের পর মেয়র মতিয়ার রহমান স্বপরিবারে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গত দুই বছর ধরে তিনি এলাকায় আসেননি বলেও অভিযোগ রয়েছে।
২০২৪ সালের ২৫ অক্টোবর তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম প্রকল্পটির উদ্বোধন করেন। কাজ শুরুর পর প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন ওঠে। পরে ইউএনও ব্যয় কমিয়ে প্রায় অর্ধেকে আনার উদ্যোগ নেন বলে জানা গেছে। এতে ক্ষুব্ধ হয়ে ঠিকাদার মতিয়ার রহমান কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, কাজ শুরুর পর থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছিল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে রবিবার সকালে নির্মাণাধীন লেকের ওয়াকওয়ের ড্রপওয়াল (ডেক প্ল্যাটফর্ম) ধসে পড়ে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সাগরকন্যা অনলাইন নিউজ পোর্টলে ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে সোমবার (৩১ আগস্ট) আমতলী পৌর প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল ইসলাম প্রকল্পের কাজ বন্ধ করে অনিয়ম এবং ড্রপওয়াল ধসে পড়ার কারণ তদন্তে প্রকল্প পরিচালককে চিঠি দেন।
বাংলাদেশ সময়: ১৭:৩৫:২৫ ● ৩৫ বার পঠিত
