সোমবার ● ৩১ আগস্ট ২০২৬

রাঙ্গাবালীর চরমোন্তাজে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

হোম » লিড নিউজ » রাঙ্গাবালীর চরমোন্তাজে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬


 

রাঙ্গাবালীর চরমোন্তাজে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে চরআন্ডা সাগরপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

আহত ও স্থানীয়দের অভিযোগ, চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস খান ও সাধারণ সম্পাদক মিজান খানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অপকর্ম ও স্থানীয়দের জমি দখলের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে জানিয়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী ও সমর্থক সম্প্রতি তাদের এসব কর্মকাণ্ড বন্ধের অনুরোধ করেন।

 

অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে পরদিন ইদ্রিস খান ও মিজান খানের নেতৃত্বে একদল লোক প্রতিবাদকারী নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় রামদা, দা ও লাঠি নিয়ে হামলা করা হয়। এতে খলিল সিকদার (৩৫), নজরুল মাঝি (৩৫), মনির মাঝি (৪৮), সবুজ মাঝি (৩০), শাহিন সিকদার (৩২) ও কালু মল্লিক (৩৫) আহত হন।

 

পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

আহত ও সংশ্লিষ্টদের অভিযোগের তীর ইদ্রিস খান ও মিজান খানের দিকে। হামলায় আলমাস খান, হাসান খান, হোসেন খান, হিরোন খান, মোহাম্মদ খান, আবু কালাম খান, জাহির খান, মুখছু খান, কাওছার খান, মামুন খান, জুলহাস খান, সবুজ খান, শফিক খান, অলিল খান, খলিল খান, মনির শিউলি, নজরুল শিউলি, বেল্লাল তালুকদার, আইয়োব খান, ফিরোজ সিকদার, রাকিবুল খান, সহিদান খান ও হানজেলাসহ আরও কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

 

ঘটনার পর চরমোন্তাজ ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ও তৃণমূলের নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ও দলীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, সংঘর্ষের বিষয়ে তিনি অবগত। কোনো পক্ষ এখনো অভিযোগ বা মামলা করেনি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৫৩ ● ৩১ বার পঠিত