সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
বরগুনা চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন, ২০ বছর পর ভোটে ব্যবসায়ীরা
হোম » বরগুনা » বরগুনা চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন, ২০ বছর পর ভোটে ব্যবসায়ীরা![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
দীর্ঘ প্রায় ২০ বছর পর ভোটের মাধ্যমে বরগুনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (৩০ আগস্ট) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অর্ডিনারি গ্রুপে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২০৪ জন ভোটারের মধ্যে ১৯৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দিনভর শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সর্বোচ্চ ১৬৩ ভোট পেয়ে শীর্ষস্থান অর্জন করেছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। অন্যান্য নির্বাচিত প্রার্থীরা হলেন- মো. আবুল কালাম আজাদ ১৩৬ ভোট পেয়ে দ্বিতীয়, মো. আতাউর রহমান বাবুল ১৩৪ ভোট পেয়ে তৃতীয়, মো. কামাল হোসেন নায়েব ১২৫ ভোট পেয়ে চতুর্থ, মো. আব্দুল আলিম খান ১১৫ ভোট পেয়ে পঞ্চম, মো. সাইদুর রহমান সজীব ১০৫ ভোট পেয়ে ষষ্ঠ, জালাল উদ্দিন কাজল ১০৩ ভোট পেয়ে সপ্তম এবং লিটন চন্দ্র দেবনাথ ৯৩ ভোট পেয়ে অষ্টম স্থান অর্জন করেন।
দীর্ঘদিন পর সরাসরি ভোটে চেম্বারের নেতৃত্ব নির্বাচিত হওয়ায় স্থানীয় ব্যবসায়ী মহলে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নেন।
বিজয়ের পর মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘দীর্ঘ ২০ বছর পর ব্যবসায়ীরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে চেম্বারের নেতৃত্ব নির্বাচিত করার সুযোগ পেয়েছেন। এটি ব্যবসায়ী সমাজের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এখন আমাদের প্রধান দায়িত্ব হলো ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ রক্ষা করা।’
তিনি বলেন, ‘আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নয়, বরগুনার সব ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। ব্যবসায়ীদের সমস্যা সমাধান, ব্যবসা-বাণিজ্যের প্রসার, নতুন উদ্যোক্তা তৈরি এবং বরগুনার অর্থনীতিকে এগিয়ে নিতে চেম্বারকে একটি কার্যকর ও সবার জন্য উন্মুক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।’
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন পর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসায় বরগুনার ব্যবসায়ী অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, নবনির্বাচিত পরিষদ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ৫:৫২:৫১ ● ৪৭ বার পঠিত
