শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
আগৈলঝাড়ায় মানব পাচারের অভিযোগ, প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ
হোম » বরিশাল » আগৈলঝাড়ায় মানব পাচারের অভিযোগ, প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় সৌদি আরবে নিয়ে গিয়ে কাজ ও আকামার ব্যবস্থা না করে এক যুবককে মানবেতর জীবনযাপনে বাধ্য করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্ত্রী। অভিযোগ দায়েরের পর বাদীকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সেরাল গ্রামের হারুন সন্যামতের ছেলে রফিক সন্যামতকে একই এলাকার হাচেন হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার সৌদি আরবে নিয়ে যান। গত বছরের ২৯ নভেম্বর স্যানিটারি কাজের ভিসায় সৌদি আরবে পাঠানোর পর কাজ ও আকামার ব্যবস্থা করে দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
রফিক সন্যামতের স্ত্রী নাজমিন খানম অভিযোগ করে বলেন, তার স্বামীকে সৌদি আরবে নিয়ে যাওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ ও আকামার ব্যবস্থা করা হয়নি। উল্টো তাকে একটি ঘরে আটক রেখে জিম্মি করা হয় বলে স্বামী মুঠোফোনে তাকে জানিয়েছেন।
তিনি বলেন, বিষয়টি নিয়ে নয়ন হাওলাদারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গেলে তারা তার অভিযোগ আমলে নেয়নি। বরং বেশি বাড়াবাড়ি করলে তার স্বামীকে সৌদি আরবেই হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
নাজমিন খানম আরও বলেন, গত প্রায় ১০ মাস ধরে কাজ ও আকামা না থাকায় তার স্বামী সৌদি আরবে মানবেতর জীবনযাপন করছেন। চড়া সুদে ঋণ করে স্বামীকে বিদেশে পাঠানো হলেও প্রতারণার কারণে এখন তাদের পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে এক মাস আগে তার শাশুড়ির মৃত্যু হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় নাজমিন খানম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় নয়ন হাওলাদারের ভাই জাকির হাওলাদার, দাদন হাওলাদার, বোন সাদিয়া আক্তার ও বোন জামাই বাদশা মিয়াকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ দায়েরের পর প্রতিপক্ষের দাদন হাওলাদার বাদীর বাড়িতে গিয়ে তাকে জীবননাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক ও অভিযোগের তদন্তকারী কর্মকর্তা নেছার উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ১৭:৪৫:৩৬ ● ৩৩ বার পঠিত
