শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হকের মতবিনিময়
হোম » পটুয়াখালী » সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হকের মতবিনিময়
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় নিজ সংসদীয় এলাকার উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রতিমন্ত্রী নুরুল হক। সরকারি সেবাকে আরও জনবান্ধব ও গতিশীল করা, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে এ সভায় আলোচনা হয়।
সম্প্রতি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, নাগরিক সেবা, কৃষি, মৎস্য, স্বাস্থ্য, সমাজসেবা এবং নারী ও শিশু উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইফুল ইসলাম সাইয়ুম এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আবদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং সাধারণ মানুষের জন্য সরকারি সেবা সহজ ও দ্রুততর করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং নারী ও শিশু কল্যাণে বাস্তবায়িত কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া। এ লক্ষ্য বাস্তবায়নে মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি এলাকার মানুষের সমস্যা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা পর্যায়ের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, চলমান প্রকল্প এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস দেন।
সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারি কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী নুরুল হক। উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।
এসডি/এমআর
বাংলাদেশ সময়: ০:০৪:২২ ● ৭ বার পঠিত
