শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
মোংলায় জাল নোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা
হোম » খুলনা » মোংলায় জাল নোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোংলায় জাল নোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কারেন্সি বিভাগের উদ্যোগে এবং সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান।
সোনালী ব্যাংক পিএলসির বাগেরহাট অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার সুকুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক বিশ্বনাথ ভদ্র।
কর্মশালায় জাল নোট শনাক্তকরণের আধুনিক কৌশল এবং এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দেশের আর্থিক খাতকে সুরক্ষিত রাখা এবং সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে জাল নোটের বিস্তার রোধ জরুরি। এ জন্য ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
দিনব্যাপী কর্মশালায় মোংলা উপজেলার বিভিন্ন সরকারি ও তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহক পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৫:৩৪:৪১ ● ২৭ বার পঠিত
