শনিবার ● ২৯ আগস্ট ২০২৬

দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

হোম » পটুয়াখালী » দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬


দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত একাংশের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে অরাজনৈতিক ও বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুপুর ১২টায় উপজেলার স্থানীয় জমজম রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষিত উপজেলা যুবদলের কমিটি দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে গঠন করা হয়েছে। দীর্ঘদিন রাজপথে সক্রিয় ও আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া নেতাকর্মীদের উপেক্ষা করে নতুন কমিটি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জসিম উদ্দিন দাবি করেন, নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত ব্যক্তি দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন এবং অতীতে দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেননি। এ ছাড়া সাধারণ সম্পাদকসহ একাধিক পদে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় পর্যায়ে ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এতে সংগঠনের মধ্যে বিভাজন তৈরি হওয়ার পাশাপাশি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও তারা দাবি করেন।

তারা অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী, যোগ্য ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন পদবঞ্চিত নেতারা।

তবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে নতুন কমিটিতে ‘ফ্যাসিস্ট ও তাদের দোসর’ কিংবা বিতর্কিত ব্যক্তি কারা রয়েছেন- সে বিষয়ে উপস্থিত নেতারা সুনির্দিষ্ট কোনো নাম বা তথ্য দিতে পারেননি। সাংবাদিকরা উল্লেখ করেন, নতুন কমিটিতে যাদের নাম ঘোষণা করা হয়েছে, তাদের অনেকেই পূর্ববর্তী উপজেলা যুবদলের কমিটির বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে উপস্থিত নেতারা সরাসরি কোনো মন্তব্য না করে দাবি করেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা পূর্বে সংগঠনে নিষ্ক্রিয় ছিলেন।

সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের সাবেক কমিটির পদবঞ্চিত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এমআর

বাংলাদেশ সময়: ১৪:১৬:১৬ ● ৩২ বার পঠিত