শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬

গাবখান নদীর তীব্র ভাঙন, হুমকিতে অর্ধশত পরিবার ও মসজিদ

হোম » ঝালকাঠী » গাবখান নদীর তীব্র ভাঙন, হুমকিতে অর্ধশত পরিবার ও মসজিদ
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬


 

গাবখান নদীর তীব্র ভাঙন, হুমকিতে অর্ধশত পরিবার ও মসজিদ

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

 

ঝালকাঠি পৌর শহরের কেফাইতনগর এলাকায় গাবখান নদীর তীব্র ভাঙনে অর্ধশতাধিক পরিবার ও একটি মসজিদ ঝুঁকিতে পড়েছে। নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ ও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজ শেষে গাবখান ব্রিজের উত্তর পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নদীতীরবর্তী ভুক্তভোগী পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে গাবখান নদীর ভাঙন অব্যাহত রয়েছে। নদীর তীর থেকে পাশের নগর খাল পর্যন্ত প্রায় ৩০০ মিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে। এতে নদীতীরবর্তী অর্ধশতাধিক পরিবার ও মৌলভী বাড়ি জামে মসজিদ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। প্রতিদিনই নদীর পাড় ভেঙে বসতভিটার দিকে এগিয়ে আসছে।

 

তাঁরা বলেন, দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না হলে ঘরবাড়ি, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে বহু পরিবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

মানববন্ধনে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. আককাস সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, সদর উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মাওলানা হাফেজ মো. কাওছার, সাবেক কাউন্সিলর মো. শাহ আলম খান ফারসু, মৌলভী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মাসউদুর রহমানসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

 

বক্তারা বলেন, দীর্ঘদিনের নদীভাঙনে এলাকাবাসী চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। প্রতিদিন ভাঙনের পরিধি বাড়ছে। জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে অনেক পরিবার বসতভিটা হারাতে পারেন। তাই দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান তাঁরা।

 

এ সময় গাবখান নদীর ভাঙন রোধে দ্রুত উদ্যোগ নিতে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারের সহযোগিতা কামনা করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৯:৪০:৩৩ ● ৪০ বার পঠিত