শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লাঞ্ছিত! রাঙ্গাবালীতে খাল নিয়ে বিরোধ, মাছ ধরা ঘিরে হট্টগোল

হোম » পটুয়াখালী » সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লাঞ্ছিত! রাঙ্গাবালীতে খাল নিয়ে বিরোধ, মাছ ধরা ঘিরে হট্টগোল
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬


 

প্রতীকী ছবি সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মধ্য চরলতা স্লুইস খাল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। খালটি ইজারা নেওয়া হয়েছে বলে এক পক্ষের দাবি থাকলেও স্থানীয় বাসিন্দারা এটি উন্মুক্ত রেখে মাছ ধরার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। এ নিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে খালে মাছ ধরা ঘিরে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

স্থানীয়দের ভাষ্য, তারা খালে মাছ ধরতে গেলে রাসেল গাজী ও প্রিন্স গাজীর পক্ষের লোকজন এতে বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়।

 

স্থানীয়দের দাবি, এ সময় চালিতাবুনিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া হোসাইন ঘটনাস্থলে গিয়ে খালটি ইজারা নেওয়ার দাবিদার পক্ষের হয়ে কথা বলেন। একপর্যায়ে তাকে ঘিরেও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং তিনি লাঞ্ছিত হন বলে স্থানীয়রা দাবি করেন।

 

চালিতাবুনিয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. বাহাদুর বলেন, ‘এমপি মহোদয় খালটি উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন। প্রিন্স গাজীর ভাই মিন্টু গাজীসহ কয়েকজন ওই খালে গিয়ে স্থানীয়দের মাছ ধরতে নিষেধ করেন। এ নিয়ে বিরোধের সৃষ্টি হলে স্থানীয়রা তাদের ধাওয়া দেন। পরে জাকারিয়া হোসাইনকে ঘিরেও ধাক্কাধাক্কি হয় বলে শুনেছি। পরে কয়েকজন গিয়ে জাকারিয়াকে সেখান থেকে সরিয়ে নেন। এরপর স্থানীয়রাও চলে যান।’

 

বাহাদুরের দাবি, খাল নিয়ে বিরোধের সময় জাকারিয়া হোসাইন রাসেল গাজীর পক্ষে কথা বলছিলেন। এ কারণে স্থানীয়দের ধাক্কাধাক্কির মুখে পড়েন তিনি।

 

তবে জাকারিয়া হোসাইন এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এরকম ফালতু কথাবার্তা কে বলছে? এরকম কোনো ঘটনা ঘটেনি।’

 

এ বিষয়ে প্রতিবেদক তার বক্তব্য জানতে চাইলে তিনি তথ্যদাতাদের নাম জানতে চান। একপর্যায়ে তথ্যদাতাদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। পরে জাকারিয়া হোসাইন দাবি করেন, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এবং এ ধরনের ঘটনার কোনো সত্যতা নেই।

 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। কেউ কোনো অভিযোগও করেনি।’

বাংলাদেশ সময়: ১৯:২৫:৩১ ● ১১৬ বার পঠিত