শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬
নেপালের দুর্যোগ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন মানসী পারেখ
হোম » বিনোদন » নেপালের দুর্যোগ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন মানসী পারেখ
![]()
সাগরকন্যা বিনোদন ডেস্ক
নেপালের তিব্বত সীমান্তবর্তী গিরং বন্দর এলাকায় ভয়াবহ দুর্যোগের সময় অল্পের জন্য বিপদ এড়িয়েছেন ভারতীয় অভিনেত্রী মানসী পারেখ। বর্তমানে তিনি চীনে নিরাপদে অবস্থান করছেন। সদগুরুর কৈলাস মানস সরোবর যাত্রায় অংশ নিতে তিনি ওই অঞ্চলে গিয়েছিলেন।
২৭ আগস্ট গিরং এলাকায় যাওয়ার কথা ছিল মানসীর। তবে নির্ধারিত সময়ের আগেই তিনি সেখান থেকে চীনের নিরাপদ এলাকায় সরে যাওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।
নেপালের বন্যা ও দুর্যোগের ভয়াবহ পরিস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মানসী। একটি ভিডিওতে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, বৃহস্পতিবার ওই এলাকাতেই থাকার কথা ছিল তাঁর। কয়েক দিন আগেও তিনি সেখানে গিয়েছিলেন এবং স্থানীয়দের আন্তরিক আতিথেয়তার কথা স্মরণ করেন। পরে ওই অঞ্চলের ভয়াবহ পরিস্থিতি দেখে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
অন্য এক পোস্টে জীবনের অনিশ্চয়তার কথা উল্লেখ করে মানসী লেখেন, জীবন অত্যন্ত অনিশ্চিত। তবে নেপালে ঘটে যাওয়া বিপর্যয়ের দৃশ্য তাঁকে বারবার ব্যথিত করছে।
দুর্যোগে আটকে পড়া ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি জানান, ঈশ্বরের কৃপায় তাঁরা চীনে নিরাপদে আছেন। আটকে পড়া মানুষদের উদ্ধারের পাশাপাশি ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ইশা ফাউন্ডেশনও সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান তিনি।
এদিকে নেপালের সাম্প্রতিক দুর্যোগে আরও কয়েকজন ভারতীয় তারকা আটকা পড়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে অভিনেতা খরাজ মুখার্জির নামও রয়েছে। একই সময়ে বাংলাদেশি অভিনেত্রী অপু বিশ্বাসও নেপালে গিয়ে দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়েছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১০:১৮:৫৬ ● ১৯ বার পঠিত
