বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
মির্জাগঞ্জে পদবঞ্চিত যুবদল নেতাদের ঝাড়ু মিছিল
হোম » রাজনীতি » মির্জাগঞ্জে পদবঞ্চিত যুবদল নেতাদের ঝাড়ু মিছিল
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সদ্য ঘোষিত আংশিক কমিটিকে ‘পকেট কমিটি’ দাবি করে তা বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়ে নেতা-কর্মীরা উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোড এলাকায় গিয়ে মিছিল শেষ করেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সুজন হাওলাদার, মো. বাবুল মুন্সী, মো. শাহিন ফরাজী, সৌরভ মুন্সী, মধু মৃধা ও পিন্টু হাওলাদারের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন। এ সময় তাদের হাতে ঝাড়ু দেখা যায়। বিক্ষোভকারীরা ‘পকেট ও নিশি রাতের কমিটি’ স্লোগান দিয়ে ঘোষিত কমিটি বাতিলের দাবি জানান।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কেন্দ্রীয় যুবদলের নেতাদের ভুল বুঝিয়ে এ কমিটি করা হয়েছে। তারা বলেন, ‘আমরা যেখানে মাদকের বিরুদ্ধে কথা বলি, সেখানে মাদকসহ আটক একজনকে এ কমিটিতে রাখা হয়েছে। আমরা এ কমিটি প্রত্যাখ্যান করি। তদন্ত করে নেতাদের মূল্যায়নের মাধ্যমে ত্যাগী নেতা-কর্মীদের কমিটিতে স্থান দিতে হবে।’
তাদের আরও অভিযোগ, তৃণমূল যুবদলের নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে। দ্রুত কমিটি পুনর্গঠন করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
প্রসঙ্গত, গত ২৬ আগস্ট মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে গাজী রাসেদ সামস্ এবং সাধারণ সম্পাদক হিসেবে গাজী আতাউর রহমানের নাম রয়েছে। কমিটি অনুমোদনের বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি করা হয়েছে এবং ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ১৫:৩৪:৪২ ● ৩১ বার পঠিত
