বুধবার ● ২৬ আগস্ট ২০২৬
ঢাকা-বরিশাল মহাসড়কের হাইওয়ে রেস্টুরেন্টে চড়া দামের অভিযোগ
হোম » লিড নিউজ » ঢাকা-বরিশাল মহাসড়কের হাইওয়ে রেস্টুরেন্টে চড়া দামের অভিযোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ড এলাকার একটি হাইওয়ে রেস্টুরেন্টে খাবারের চড়া দাম নেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন দূরপাল্লার যাত্রীরা। বাস কোম্পানির সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট রেস্টুরেন্টে যাত্রীদের বিরতি দেওয়া হয় এবং সেখানে তুলনামূলক বেশি দামে খাবার বিক্রি করা হয় বলে অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে ইল্লা বাসস্ট্যান্ড এলাকার ‘হাইওয়ে বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টে’ খাবারের মূল্য নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা যায়। কয়েকজন যাত্রীর অভিযোগ, সেখানে এক প্লেট চিকেন খিচুড়ি ২৫০ টাকা, এক পিস প্লেন কেক ৩০ টাকা, এক পিস স্যান্ডউইচ ১০০ টাকা এবং একটি বেনসন সিগারেট ৩০ টাকা দামে বিক্রি করা হচ্ছে।
যাত্রীদের দাবি, শহরের অনেক রেস্টুরেন্টের তুলনায় মহাসড়কের এসব রেস্টুরেন্টে খাবারের দাম বেশি। দীর্ঘ পথ ভ্রমণের সময় ক্ষুধার কারণে অনেক যাত্রী বাধ্য হয়ে এসব রেস্টুরেন্টে খাবার খান। বিকল্প ব্যবস্থা না থাকায় অতিরিক্ত দাম হলেও তাদের খাবার কিনতে হচ্ছে।
তাদের অভিযোগ, মহাসড়কের রেস্টুরেন্টগুলোতে খাবারের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করা প্রয়োজন।
এ বিষয়ে গৌরনদী মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম নয়ন বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে কি না এবং খাবারের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে কি না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় নজরদারি ও ব্যবস্থা গ্রহণ জরুরি বলেও তিনি জানান।
এদিকে, অভিযোগের বিষয়ে রেস্টুরেন্টের ম্যানেজার মোহাম্মদ বেলাল হোসেন বলেন, খাবারের মূল্য নির্ধারণের ক্ষেত্রে অতিরিক্ত বা অন্যায়ভাবে দাম নেওয়া হচ্ছে না। তার দাবি, রেস্টুরেন্টটির বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়।
বাসযাত্রী মো. জাকির মিয়া ও দেলোয়ার হোসেন বলেন, মহাসড়কের রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম ও মান নিয়মিত তদারকি করা হলে অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ অনেকটাই কমে আসবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা সংশ্লিষ্ট প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
বাংলাদেশ সময়: ২২:৩৫:২৩ ● ৩২ বার পঠিত
