বুধবার ● ২৬ আগস্ট ২০২৬

গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ একজন আটক

হোম » পটুয়াখালী » গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ একজন আটক
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬


 

গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ একজন আটক

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় অবৈধভাবে বন্যপ্রাণী পাচারের সময় ১৭টি সন্ধি কচ্ছপসহ রেজাউল মৃধা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। বুধবার (২৬ আগস্ট) দুপুরে গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খেওয়াঘাটসংলগ্ন পান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা রেঞ্জ অফিসার নয়ন মিস্ত্রীর নেতৃত্বে বন বিভাগের একটি দল দুপুর আনুমানিক আড়াইটার দিকে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পাটের বস্তা নিয়ে পালানোর চেষ্টাকালে রাঙ্গাবালী উপজেলার মরা জাহাঙ্গীর গ্রামের রেজাউল মৃধাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৭টি সন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধার করা কচ্ছপগুলোর আনুমানিক ওজন ১০ কেজি।

 

বন বিভাগ জানায়, জিজ্ঞাসাবাদে রেজাউল মৃধা কচ্ছপগুলো বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ১০ ও ৩৪(খ) ধারায় গলাচিপা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

 

গলাচিপা রেঞ্জ অফিসার নয়ন মিস্ত্রী বলেন, ‘বন্যপ্রাণী পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কারও বিরুদ্ধে এমন অভিযোগ পেলে দ্রুত আমাদের জানান।’

 

সন্ধি কচ্ছপ বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণীর তালিকাভুক্ত। এটি ধরা, ক্রয়-বিক্রয় ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ।

বাংলাদেশ সময়: ২১:৩৮:০৮ ● ৩৩ বার পঠিত