বুধবার ● ২৬ আগস্ট ২০২৬
আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ
হোম » বরিশাল » আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশালের আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের নির্দেশে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে আগৈলঝাড়া থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলার আসামিরা হলেন উপজেলার বড় বাশাইল গ্রামের বেলায়েত হাওলাদারের ছেলে ও যুবদল কর্মী আকাশ হাওলাদার ওরফে আকাশ মাহামুদ রুবেল (৩৫) এবং উত্তর চাঁদত্রিশিরা গ্রামের ফয়জুদ্দিন খানের ছেলে বাবুল খান (৪০)। মামলায় অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের উত্তর চাঁদত্রিশিরা গ্রামের ওই গৃহবধূর স্বামী প্রায় তিন বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি আট বছরের মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করছিলেন। আসামিরা বিভিন্ন সময় তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাঁকে অপপ্রচারসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন বাদী।
এজাহারে আরও বলা হয়, গত ৯ আগস্ট দুপুরের খাবার শেষে মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন ওই গৃহবধূ। বিকেল ৩টার দিকে আসামিরা ঘরের দরজায় কড়া নাড়লে তিনি পরিচয় জানতে চান। এ সময় প্রথম আসামি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। দরজা খুলে দিলে প্রথম ও দ্বিতীয় আসামি জোরপূর্বক ঘরে প্রবেশ করেন। পরে প্রথম আসামি তাঁর মুখ চেপে ধরে বারান্দার খাটে শুইয়ে শ্লীলতাহানি করেন এবং হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় দ্বিতীয় আসামিসহ অন্যরা দরজায় পাহারা দিচ্ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
বাদীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর ওই নারী আগৈলঝাড়া থানায় মামলা করতে গেলে তদন্তের কথা বলে কালক্ষেপণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে স্বজনদের পরামর্শে গত ১৭ আগস্ট বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি অভিযোগ করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, আদালতের নির্দেশ ও মামলার নথি পাওয়ার পর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলার নম্বর ২৫/২৫-০৮-২০২৬। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাসুদুর রহমান আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছেন।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুর রহমান মুন্সী বলেন, আকাশ মাহামুদ বাজিহার ইউনিয়ন যুবদলের একজন কর্মী।
তবে মামলায় করা অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২১:৩৬:০০ ● ১৪৩ বার পঠিত
