বুধবার ● ২৬ আগস্ট ২০২৬
জেদ্দা-চট্টগ্রামগামী ফ্লাইটে অসুস্থ হয়ে নারীর মৃত্যু, মাসকটে জরুরি অবতরণ
হোম » জাতীয় » জেদ্দা-চট্টগ্রামগামী ফ্লাইটে অসুস্থ হয়ে নারীর মৃত্যু, মাসকটে জরুরি অবতরণ
![]()
সাগরকন্যা প্রতিবেদক
সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ কারণে ফ্লাইটটি ওমানের মাসকট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে বিমানবন্দরের চিকিৎসক ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।
বুধবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের পর ছানোয়ারা বেগম (৫৫) নামের এক নারী যাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে ফ্লাইটটি মাসকট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেখানে বিমানবন্দরের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।
মরদেহ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ফ্লাইটটি মাসকট থেকে আবার চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। বুধবার দুপুরের পর ফ্লাইটটির চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। ওই নারী যাত্রীর মৃত্যুর বিস্তারিত কারণ এখনো জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৮:০০:১৬ ● ১৫ বার পঠিত
