বুধবার ● ২৬ আগস্ট ২০২৬

খালি ঘরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ

হোম » পটুয়াখালী » খালি ঘরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬


 

যৌন নিপীড়নের ঘটনা এই ঘরেই ঘটেছিল বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় খালি ঘরে একা পেয়ে পঞ্চম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে শিমুল হাওলাদার নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে গত ১০ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের।

 

ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ, ঘটনার সময় শিশুটির মা পাশের বাড়িতে এবং বাবা বাড়ির বাইরে ছিলেন। ওই সুযোগে শিমুল হাওলাদার শিশুটির ঘরে প্রবেশ করে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে যৌন নিপীড়ন করেন। এ সময় শিশুটি চিৎকার করে ঘর থেকে বের হয়ে আসে এবং পরে অসুস্থ হয়ে পড়ে বলে পরিবারের সদস্যরা জানান।

 

শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ঘটনার সময় আমি পাশের বাড়িতে ছিলাম। আমার স্বামীও বাড়িতে ছিলেন না। মেয়েটি ঘরে একা ছিল। পরে তার চিৎকার শুনে বিষয়টি জানতে পারি।’

 

তিনি অভিযোগ করেন, ঘটনার পর প্রভাবশালী ব্যক্তির ভয়ে তারা তাৎক্ষণিকভাবে কোথাও অভিযোগ করতে পারেননি। স্থানীয়ভাবে বিষয়টি সালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয় বলেও জানান তিনি। গত ২৪ আগস্ট বিষয়টি এলাকায় জানাজানি হলে পরিবারটি আইনি সহায়তার কথা ভাবছে।

 

পরিবারটির দাবি, স্থানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি সালিসের মাধ্যমে মীমাংসার জন্য চাপ দিচ্ছেন। এ কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত ২৩ আগস্ট শিশুটির বাবা কলাপাড়া থানায় গেলেও এখনো লিখিত অভিযোগ করেননি বলে জানা গেছে।

 

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, শিমুল হাওলাদারের বিরুদ্ধে এর আগেও নারীঘটিত বিভিন্ন অভিযোগ উঠেছিল। তবে প্রভাবশালী হওয়ায় সেসব ঘটনায় কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাননি বলে দাবি তাদের। শিশুটির ঘটনায় সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

 

অভিযোগের বিষয়ে শিমুল হাওলাদার বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। একটি পক্ষ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’

 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান এ প্রসঙ্গে বলেন, ‘দরিদ্র পরিবারটির পাশে উপজেলা প্রশাসন থাকবে এবং প্রয়োজনীয় সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘পরিবারটি থানায় আসার পর তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু তারা লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

 

অভিযোগের সত্যতা যাচাই ও শিশুটির নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:১১ ● ২৩ বার পঠিত