মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬
ব্যাগের ভেতর নবজাতক, কান্নার শব্দে উদ্ধার
হোম » বরগুনা » ব্যাগের ভেতর নবজাতক, কান্নার শব্দে উদ্ধার
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার বামনায় প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে জীবিত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাখালী গ্রামের ফজলুর দোকানের পেছনে নারিকেলগাছের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা। উদ্ধারের সময় শিশুটির নাড়ি কাটা হয়নি এবং শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া ছিল।
স্থানীয়রা জানান, ফজলুর দোকানের পেছন থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান দোকানদার বাবুল। পরে তিনি স্থানীয় যুবক তারিফ হাওলাদারকে বিষয়টি জানান। তারিফ ঘটনাস্থলে গিয়ে কান্নার শব্দ শুনে ফায়ার সার্ভিসে কর্মরত কামরুজ্জামানকে খবর দেন।
পরে কামরুজ্জামান স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের ব্যাগের ভেতর নবজাতকটিকে দেখতে পান। তারিফ হাওলাদার ব্যাগটি খুলে শিশুটিকে কোলে তুলে নেন। এ সময় দেখা যায়, শিশুটির নাড়ি তখনো নাভির সঙ্গে সংযুক্ত এবং শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য পিঁপড়া লেগে আছে।
উদ্ধারের পর শিশুটিকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির নাড়ি কেটে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসকেরা জানান, নবজাতকটি মোটামুটি সুস্থ রয়েছে। চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি।
উদ্ধারের পর থেকে শিশুটিকে নিজের হেফাজতে রেখেছেন তারিফ হাওলাদার। তিনি বলেন, শিশুটিকে ওই অবস্থায় দেখে তিনি খুবই কষ্ট পেয়েছেন। নিজের বোনের মতো স্নেহ-মমতায় শিশুটিকে মানুষ করতে চান।
তারিফের উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় অনেকেই নবজাতকটিকে নিজেদের কাছে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে কে বা কারা শিশুটিকে ব্যাগে ভরে ওই স্থানে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। নবজাতকের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বাংলাদেশ সময়: ১৯:২১:৩৪ ● ২৯ বার পঠিত
