মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬
বাউফলে ছেঁড়া বৈদ্যুতিক তারে কৃষকের মৃত্যু, পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি নোটিশ
হোম » পটুয়াখালী » বাউফলে ছেঁড়া বৈদ্যুতিক তারে কৃষকের মৃত্যু, পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি নোটিশ![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে সড়কের ওপর পড়ে থাকা ছেঁড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক উজ্জ্বল রাড়ী (৫০) নিহত হওয়ার ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবং বাউফল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার-জোনাল ম্যানেজার বরাবর নোটিশটি পাঠান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন।
নোটিশে উল্লেখ করা হয়, গত ১৭ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামালপুর এলাকায় কামালপুর উচ্চ বিদ্যালয়সংলগ্ন সড়কের ওপর পড়ে থাকা ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন উজ্জ্বল রাড়ী। গৃহপালিত পশুর জন্য ঘাস কাটতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।
নোটিশে আরও বলা হয়, এর আগের দিন ১৬ আগস্ট সকালে ঘাস কাটার মেশিনের আঘাতে বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে সড়কের ওপর পড়ে যায় বলে স্থানীয়ভাবে জানা যায়। এরপর তারটি দীর্ঘ সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও সেটি অপসারণ কিংবা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবহিত করলেও যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় দুর্ঘটনাটি ঘটে বলে নোটিশে অভিযোগ করা হয়েছে।
আইনি নোটিশে বলা হয়, উজ্জ্বল রাড়ী একজন কৃষক ছিলেন। তার মৃত্যুর পর পরিবারটি আয়ের উৎস হারিয়ে অসহায় অবস্থায় পড়েছে। পরিবারের সদস্যদের মানবেতর জীবনযাপন থেকে রক্ষায় বিদ্যুৎ আইন ও প্রচলিত অন্যান্য আইনের আওতায় যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া বিদ্যুৎ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে দুর্ঘটনার জন্য দায়ী কর্মকর্তা-কর্মচারীদের শনাক্ত করতে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, তদন্তে দায় প্রমাণিত হলে বিভাগীয় ও প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ফৌজদারি আইনে মামলা করার দাবি জানানো হয়েছে।
নোটিশে ওই এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বৈদ্যুতিক তার ও অন্যান্য অবকাঠামো পরীক্ষা করে দ্রুত মেরামত এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করারও অনুরোধ করা হয়েছে।
আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের অবহেলাজনিত দুর্ঘটনা যাতে না ঘটে এবং কোনো পরিবারকে যেন এভাবে স্বজন হারাতে না হয়, সে জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:১৬:০৮ ● ৩০ বার পঠিত
